
কলকাতা: স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) জীবনের অন্যতম বড় দিন হতে পারত ২৩ নভেম্বর, ২০২৫। কারণ, সেদিন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার কথা ছিল তাঁর। কিন্তু কপালে যা লেখা থাকবে, তা খণ্ডাবে কে! সাঙ্গলিতে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ের অন্য অনুষ্ঠান ঘিরে বেশ হইচই করছিলেন তাঁদের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা। সেই সবের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। হাসপাতালে নিয়ে যেতে হয়। এরপর স্মৃতি-পলাশের বিয়ে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে স্মৃতি তাঁর বিয়ে সংক্রান্ত ছবি-ভিডিয়ো ইন্সটাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছেন। তবে এ বার সামনে আসছে অন্য তথ্য। সেই সঙ্গে স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে বড় কথা বলেছেন পলাশের মা অমৃতা।
স্মৃতি তাঁর বিয়ে সংক্রান্ত ছবি-ভিডিয়ো ইন্সটাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছেন— নেটদুনিয়ায় এই তথ্য ঘোরাফেরা করছে। কিন্তু তা পুরোপুরি সত্যি নয়। কারণ, স্মৃতি নিজের ইন্সটাগ্রামে গত কয়েকদিন নিজের এনগেজমেন্ট, হলদি, মেহেন্দি, সংগীতের কোনও ছবিই শেয়ার করেননি। পলাশ তাঁদের এনগেজমেন্টের ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেটি সেই অবস্থাতেই রয়েছে পলাশের অ্যাকাউন্টে। আর স্মৃতির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি বদল দেখা গিয়েছে। তা হল, এর আগে জেমাইমা রড্রিগজ তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে দেখা যায়, স্মৃতি টিম ইন্ডিয়ার অন্য মহিলা ক্রিকেটারদের নিজের হাতের এনগেজমেন্ট রিং দেখাচ্ছেন। সেটি স্মৃতিকে ট্যাগ করেছিলেন জেমি। যার ফলে সেই ভিডিয়োটি স্মৃতির ইন্সটায় দেখা যাচ্ছিল। কিন্তু জেমি তা ডিলিট করে দিয়েছেন। তাই স্মৃতির অ্যাকাউন্টেও সেটি দেখা যাচ্ছে না। এ বার জেমি কেন সেই ভিডিয়োটি ডিলিট করেছেন, তার আসল কারণ অবশ্য জানা যায়নি।
এদিকে পলাশের মা অমৃতা জানিয়েছেন, স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার সঙ্গে পলাশের খুবই নিবিড় সম্পর্ক। তাই স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় পলাশ ভেঙে পড়েন। মেহেন্দি, সংগীত, হলদি সব হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল বিয়ের আসল অনুষ্ঠান। কিন্তু পলাশের মা অমৃতার কথায়, স্মৃতির আগে তাঁর ছেলে (পলাশ) তাঁদের বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন। কারণ, তিনি চেয়েছিলেন স্মৃতির বাবা সুস্থ হলেই তাঁদের বিয়ে সম্পন্ন হোক।
পলাশের মা অমৃতা জানান, বিয়ের পর স্মৃতিকে সঙ্গে নিয়ে পলাশ বাড়ি ফেরার স্বপ্ন দেখেছিল। তিনি নিজেও নববধূকে বরণ করার জন্য বিশেষ পরিকল্পনা করেছিলেন। সব বাতিল করা হয়েছে। ২৪ নভেম্বর এক অনুষ্ঠানের কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। অমৃতা জানান, বর্তমানে স্মৃতি ও পলাশ বেশ কষ্টে রয়েছেন।
স্মৃতি-পলাশের বিয়ে কবে? পরিস্থিতি কঠিন হলেও অমৃতার মুখে আশার কথা শোনা গিয়েছে। তিনি বলেন, ‘সব ঠিক হয়ে যাবে। আর বিয়েও তাড়াতাড়ি হবে।’