Virat Kohli: রোহিতের পর এ বার বিরাট! বোর্ডকে ‘সিদ্ধান্ত’ জানালেন কিং কোহলি

India Tour of England: দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের। তবে বিরাট কোহলিকে ছাড়াই ভারতকে এই সফরে যেতে হতে পারে। এমন সম্ভাবনা প্রবল। বোর্ডকে নাকি টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন বিরাট কোহলি! যদিও সরকারি ভাবে ঘোষণা করেননি এখনও।

Virat Kohli: রোহিতের পর এ বার বিরাট! বোর্ডকে সিদ্ধান্ত জানালেন কিং কোহলি
Image Credit source: PTI FILE

May 10, 2025 | 10:47 AM

সদ্য টেস্ট ক্রিকেট থেকে হঠাৎই অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। এ বার ক্যাপ্টেনের পথে বিরাট কোহলিও! জুনে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। এই সফর দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের। তবে বিরাট কোহলিকে ছাড়াই ভারতকে এই সফরে যেতে হতে পারে। এমন সম্ভাবনা প্রবল। বোর্ডকে নাকি টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন বিরাট কোহলি! যদিও সরকারি ভাবে ঘোষণা করেননি এখনও। তবে এই সম্ভবনা উড়িয়ে দেওয়ার একেবারেই জায়গা নেই।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এরপরই অস্বস্তি শুরু হয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ক্লিনসুইপ হয়েছিল ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ক্লিন সুইপের পর অস্ট্রেলিয়া সফরেও হার। গত তিনটি টেস্ট সিরিজে প্রশ্ন উঠেছিল বিরাট কোহলির ব্যাটিং নিয়েও। বাংলাদেশ, নিউজিল্যান্ড সিরিজে হতাশ করেছিলেন। অস্ট্রেলিয়ায় একটি সেঞ্চুরি করলেও পুরো সিরিজে আর বিরাটের ব্যাট জ্বলে ওঠেনি।

অস্ট্রেলিয়া সিরিজের আগেই বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন, এই সফরে ব্যর্থ হলে চার সুপারস্টার অর্থাৎ রোহিত-বিরাট-অশ্বিন-জাডেজার টেস্ট ক্রিকেটে ইতি হতে চলেছে। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই অবসর ঘোষণা করেছিলেন অশ্বিন। তেমনই অস্ট্রেলিয়ায় সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্ট থেকে নিজেকেই বাদ দিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত। যদিও তখন বলেছিলেন, টেস্ট থেকে অবসর নিচ্ছেন না, শুধুমাত্র একটা ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু কয়েকদিন আগে অবসর ঘোষণা করেন রোহিত।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, বিরাট কোহলিও টেস্ট থেকে অবসরের পথে। কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড সফরের স্কোয়াড বেছে নেবে ভারতীয় বোর্ড। তার আগে এই ফরম্যাট থেকে অবসরের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফর থেকেই ভারতের টেস্ট ক্রিকেটে একটা বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিরাট-রোহিত-অশ্বিনের মতো সুপারস্টারদের ছাড়াই ইংল্য়ান্ড সফরে ভারত! যদিও বিরাট সরকারি ভাবে ঘোষণা করেননি এখনও। তবে নতুনদের সুযোগ দিতে টেস্ট থেকে সরে দাঁড়াতে চান। নজরে শুধুই ওয়ান ডে বিশ্বকাপ।

বিরাটের পর টেস্টে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এই দু-জন মিলে গত প্রায় ১১ বছর নেতৃত্বের দায়িত্ব সামলেছেন। বিরাট কোহলির নেতৃত্বেই ২০১৮-১৯ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জয়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। বিরাটের নেতৃত্বে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল ভারত। তবে বোর্ড বিরাটের এই সিদ্ধান্ত বা ইচ্ছেকে মেনে নেয় কি না, সেদিকেও নজর।

কারণ, রোহিত নেই। সেখানে বিরাটও সরে দাঁড়ালে অভিজ্ঞতার অভাবেও ভুগবে ভারত। বিরাট কোহলির উপস্থিতি এই সিরিজে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন ক্যাপ্টেনকে গাইড করার মতো বিরাটের মতো একজনকে চাই। অস্ট্রেলিয়াও সফরেও দেখা গিয়েছে, বিরাট কাগজে কলমে ক্যাপ্টেন না হয়েও মাঠে নেতৃত্ব দিয়েছেন। সিডনিতে শেষ টেস্টে জসপ্রীত বুমরা দায়িত্বে ছিলেন। কিন্তু চোটের কারণে মাঠ ছাড়তে হয়। বাকি সময় নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলিই। ফলে বিরাট অবসর নিতে চাইলেও বোর্ড হয়তো তাঁকে অনুরোধ করতে পারে, এই সিরিজটা অন্তত খেলার।

Follow Us