
কলকাতা : ২০০৮ সাল, আইপিএলের প্রথম মরশুমে চেন্নাই দলে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এরপর সময় গিয়েছে, বিশ্বাস বেড়েছে। ধীরে ধীরে ধোনি দলের সেই মহীরুহ হয়ে উঠেছেন, যাঁকে ছাড়া কোনও মতামতই গ্রহণ করা অসম্ভব। তবে এবার শোনা গিয়েছে, সিএসকের সঙ্গে ধোনির সম্পর্ক প্রায় তলানিতে থেকেছে। ২০২৬ আইপিএলে একটি ম্যাচেও না খেলা ধোনি ও ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের মধ্যে সম্পর্ক আবার চর্চায় উঠে এসেছে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিএসকে-র বেশ কিছু শতাংশ শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন ধোনি কিন্তু ম্যানেজমেন্ট তাঁর দাবি মানেনি। ধোনি ক্লাবের ২৫% মালিকানা চেয়েছিলেন, কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট মাত্র ৩% শেয়ার দিতে রাজি হয়। ধোনি দাবি কমিয়ে ২০% করলে সিএসকে অফার বাড়িয়ে ৪% করে। শেষ দফায় ধোনি ১৮% শেয়ার চাইলে ম্যানেজমেন্ট ৫.৫%-এর বেশি দিতে রাজি হয়নি। একটি সূত্রের দাবি, ধোনি টাকা দিয়েই স্টেক কিনতে চেয়েছিলেন কিন্তু ম্যানেজমেন্ট রাজি হয়নি। দীর্ঘ ১৮ বছরের ইতি টেনে সম্প্রতি সিএসকে-র কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্টিফেন ফ্লেমিং। অন্যদিকে, ২০২৬ আইপিএল মরশুমে একটি ম্যাচও খেলেননি ধোনি। শেয়ার সংক্রান্ত দ্বন্দ্বের জেরেই তিনি এই মরশুমে খেলেননি কিনা, তাই নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে।
২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছিলেন ধোনি। অধিনায়ক হিসেবেও তিনি আইপিএলের সফলতম ক্যাপ্টেনদের সারিতে প্রথম দিকে থাকবেন। ২৩৮ আইপিএল ম্যাচে মোট ৫৪৩৯ রান করেছেন ক্যাপ্টেন কুল। ২০১৩ সালে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬১ রান করেছিলেন ধোনি। এমনকি ২০২৪ মরশুমেও ২২০ ৫৪ স্ট্রাইক রেতে ব্যাটিং করেছিলেন ধোনি। তবে ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্বের পর আর তিনি বাইশ গজে ফিরবেন কি না, তা নিয়েই এখন বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।