BEL vs MAR, FIFA WC Match Preview: মরক্কোকে আটকে নকআউটের পথে এগোতে চায় বেলজিয়াম
Belgium vs Morocco FIFA world Cup 2022: আল থুমামা স্টেডিয়ামে আজ মুখোমুখি বেলজিয়াম ও মরক্কো।

দোহা: চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2022) শুরুটা কানাডার বিরুদ্ধে জয় দিয়ে করেছে রেড ডেভিলসরা। একথা ঠিক। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচে আন্ডারডগ কানাডা বেশ হাড্ডাহাড্ডি লড়াই করেছিল বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে। শেষ অবধি সেই ম্যাচে যদিও মিচি বাতশুয়াইয়ের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। আজ রেড ডেভিলসদের সামনে রয়েছে মরক্কো (Morocco)। নকআউটে ওঠা মজবুত করতে হলে আজ গ্রুপ-এফ এর ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে নিতে হবে রবার্তো মার্তিনেজের ছেলেদের। অন্য দিকে গত বারের রানার্স-আপ ক্রোয়েশিয়াকে আটকে দিয়ে এক পয়েন্ট নিয়ে কাপ যাত্রা শুরু করেছে মরক্কো। ফলে আজকের ম্যাচে তারাও আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। বেলজিয়াম-মরক্কো ম্যাচের প্রিভিউ TV9Bangla-য়।
বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুর জায়গায় রেড ডেভিলসের গুরুদায়িত্ব গিয়ে পড়েছে মিচি বাতশুয়াইয়ের কাঁধে। প্রথম ম্যাচে তিনি দায়িত্বটা ভালোভাবেই পালন করেছেন। বেলজিয়ামের গোলকিপার থিবো কুর্তোয়া কানাডার বিরুদ্ধে ম্যাচের শুরুতেই পেনাল্টি আটকে দেন। এর পরেও কুর্তোয়া আরও কয়েকটি ভালো সেভ করেন। ফলে জালের সামনে নিজের কাজটা দায়িত্ব নিয়েই করে যান কুর্তোয়া। আফ্রিকান দেশটির সঙ্গে লড়াইয়ে খানিকটা হলেও বেলজিয়াম এগিয়ে। এর আগে চার বার বিশ্বকাপে অংশ নিলেও কোনও বারই গ্রুপ পর্বের কাটা পেরোতে পারেনি মরক্কো।
Getting ready for #BELMAR. ⏳ #DEVILTIME pic.twitter.com/TO3kGATpla
— Belgian Red Devils (@BelRedDevils) November 26, 2022
চলতি বিশ্বকাপে মরক্কো গত বারের রানার্স লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র দিয়ে শুরু করেছে বলে, রেড ডেভিলসদের বিরুদ্ধে নামার আগে আফ্রিকান দেশটির কোচ আশাবাদী, তাঁর দল ভালো পারফর্ম করবে। বেলজিয়ামের বিরুদ্ধে নামার আগে অ্যাটলাস লায়ন্স শিবিরে চোটের চিন্তা রয়েছে আচরফ হাকিমি এবং নৌসাইর মাজরাউকে নিয়ে। মরক্কোর বিরুদ্ধে বেলজিয়ামের ভালো রেকর্ড রয়েছে। এই দুই দলের মধ্যে তিনটি ম্যাচ হয়েছিল। যার মধ্যে দু’টিতে জিতেছিল বেলজিয়াম এবং অন্য এক ম্যাচে জিতেছিল মরক্কো। ১৯৯৪ সালের বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে নেমেছিল মরক্কো। সেই ম্যাচে রেড ডেভিলসরা ১-০ ব্যবধানে জিতেছিল। এই ম্যাচের পুনরাবৃত্তি করতে চায় না আফ্রিকান দেশটি।
