FIFA World Cup 2022: মারাদোনার পর,কোন কিংবদন্তির রেকর্ড ভাঙতে চলেছেন মেসি?
'আমার এই রেকর্ডের বয়স ২০ বছর পার করতে চলেছে। এখন সময় এসে গিয়েছে আমার রেকর্ড ভেঙে দেওয়ার। তা যদি মেসি করতে পারে, আমি সত্যিই খুশি হব।" কে বলছেন এমন কথা?

দোহা: বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি মেসির আর্জেন্টিনার (Argentina)। সৌদি আরবের মতো ছোট দলের কাছে প্রথম ম্যাচেই পরাজয়ে লজ্জায় মুখ ঢাকতে বাধ্য হয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। তবে কোচ লিওনেল স্কালোনি একশো শতাংশ ভরসা করেছিলেন এলএমটেনের উপর। প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে দারুন প্রত্যাবর্তন হয়েছে মেসি ও তাঁর টিমের। নকআউটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১’এ রুদ্ধশ্বাস জয়ের কারিগর তিনিই। সেই সঙ্গেই কেরিয়ারের হাজারতম ম্যাচে ছাপিয়ে গিয়েছেন ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনার রেকর্ড। ইতিমধ্যেই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। জীবনের শেষ বিশ্বকাপে মেসির কাছে আরও সুযোগ রয়েছে নিজের দেশের আর এক কিংবদন্তি গাব্রিয়েল বাতিস্তুতার (Gabriel Batistuta) রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার। এই প্রসঙ্গে স্বয়ং বাতিস্তুতা কী বলছেন? তুলে ধরল TV9 Bangla।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এত দিন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল দিয়েগো মারাদোনার। তাঁকে টপকে গিয়েছেন মেসি। বিশ্বকাপে ২২টা ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এখানেই শেষ নয় বিশ্বকাপের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলটি করে ছাপিয়ে গেলেন বিশ্বকাপে মারাদোনার আটটি গোলের রেকর্ডকেও। এ বার মেসির সামনে আর একটি সুযোগ আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে দেওয়ার। বিশ্বকাপের ইতিহাস বলছে বিশ্বকাপের ময়দানে বাতিস্তুতার ১০ গোলের রেকর্ড রয়েছে। আর হিসেব বলছে, আর এক গোলেই তাঁর রেকর্ড ছাপিয়ে আর একটি ইতিহাস রচনা করবেন ম্যাজিশিয়ন।
প্রাক্তন আর্জেন্টাইন স্ট্রাইকার এ ব্যাপারে বেশ খুশি। তাঁকে সর্বদাই দেখা যায় দলের পাশে। বিশ্বকাপ দেখতে পৌঁছে গিয়েছেন কাতারে। দলের সাফল্যকে এখনও ধুমধাম করে উদযাপন করেন। আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার সাফল্য উদযাপন করলেন কাতারি বোটে। সঙ্গে ছিলেন দলের দুই আর্জেন্টাইন গোলস্কোরার জুলিয়ান আলভারেজ ও আলেক্সিস ম্যাক আলিস্টার। মেসিকে তাঁর রেকর্ড ভাঙতে দেখলে খুশিই হবেন তিনি এমনটাই জানিয়েছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার এই রেকর্ডের বয়স ২০ বছর পার করতে চলেছে। অবশ্যই এখন সময় এসে গেছে আমার রেকর্ড ছাপিয়ে যাওয়ার। আর যদি মেসি তা করতে পারে তবে আমি সত্যিই খুশি হব।’ মেসি তা পারেন কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৮ই ডিসেম্বর অবধি।
