Gautam Gambhir: ‘দলের জন্য বুলেট খেতেও রাজি…’, হঠাৎ কেন এমন বললেন গম্ভীর?
Indian Cricket: নিউজিল্যান্ডের সফরে প্রথম ৩ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার জন্য ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করেছেন গম্ভীর। তাঁর মতে, সফরের শুরুতে পর্যাপ্ত সময় না পেয়েও এই সাফল্যের বিশেষ কৃতিত্ব আছে। গম্ভীর জানান, ভারতীয় ক্রিকেটাররা ২০ তারিখ নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন ও ২১ তারিখ একটি ট্রেনিং সেশনে অংশ নেন।

নয়াদিল্লি: গতকালই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। দল নিয়ে চিন্তিত নন কোচ গম্ভীর। একই সঙ্গে তিনি এও বলেছেন, ঠাসা ক্রিকেটের সূচির কারণে তাঁর এবার ক্লান্ত লাগছে। তবুও, ক্লান্তিকে তিনি ভয় পান না। এই চাপ সামলানোর মত মানসিক শক্তি তাঁর রয়েছে। তাঁর ডিকশনারিতে ক্লান্তির কোনও জায়গা নেই বলেও মন্তব্য করেছেন গম্ভীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন গম্ভীর। গতকাল, রবিবার ভারতের করা ১৯১ রান মাত্র ১৮ ওভারেই তুলে দেয় নিউজিল্যান্ড। এটি ছিল গম্ভীরের তত্ত্বাবধানে ভারতের ১২তম সিরিজ।
ভারতীয় দলের ক্রিকেটারদের প্রেশার সামলাতে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নিয়মিত ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখে। অনেক ক্রিকেটার আবার সব ফরম্যাটে খেলেন না, কিন্তু তিন ফরম্যাটেরই কোচ হওয়ার ফলে গম্ভীরের উপর চাপ খুব বেশি থাকে। এমনকি এশিয়ান গেমসে যখন ভিভিএস লক্ষ্মণ ভারতের দায়িত্ব সামলাচ্ছিলেন, তখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ওডিআই দলের কোচিং করাচ্ছিলেন। এবার কিউয়িদের বিরুদ্ধে ৫ ম্যাচের ওডিআই সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজেও কোচিং করাবেন গম্ভীর। তিনি বলেন, “আমার ডিকশনারিতে, মাইন্ডসেটে ভয়ের কোনও জায়গা নেই। এই শব্দটির কোনও অস্তিত্বই আমার জীবনে নেই। আমি মনে করি, আমরা পেশাদার ও কোনও অজুহাত দেওয়া উচিৎ নয়। হ্যাঁ, তবে আমার মানসিকভাবে খুব ক্লান্ত লাগছে। কিন্তু সেই পরিস্থিতি সামলানোর মত শক্তি আমার রয়েছে। আমি চাপ নিতে পারি, প্রয়োজনে দেশের জন্য বুলেটও খেতে পারি।”
নিউজিল্যান্ডের সফরে প্রথম ৩ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার জন্য ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করেছেন গম্ভীর। তাঁর মতে, সফরের শুরুতে পর্যাপ্ত সময় না পেয়েও এই সাফল্যের বিশেষ কৃতিত্ব আছে। গম্ভীর জানান, ভারতীয় ক্রিকেটাররা ২০ তারিখ নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন ও ২১ তারিখ একটি ট্রেনিং সেশনে অংশ নেন। সম্পূর্ণ আলাদা পরিবেশ, আবহাওয়ায় ক্রিকেটারদের মানিয়ে নিতে হচ্ছে। দলের অনেক ক্রিকেটারদের কাছেই এটা প্রথম নিউজিল্যান্ড সফর। তিনি বলেন, “জাস্ট ভাবুন, ১৫ ঘন্টার বিমানযাত্রার পরেও যদি কোনও দল এত ভাল পারফরম্যান্স করে, তাহলে এই দলের কৃতিত্ব অবশ্যই প্রাপ্য।” তাঁর কথাতেই স্পষ্ট, তিনি এখনই কোচের পদ থেকে সরতে রাজি নন। বরং চাপ সামলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সব রসদ তাঁর কাছে রয়েছে।
