
ক্রাইস্টচার্চ: সুযোগ ছিল এগিয়ে যাওয়ার, কিন্তু হেলায় সেই সুযোগ হাতছাড়া করল ভারত। ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে নিজেদেরই হঠকারিতায় পিছিয়ে রয়েছে ভারত। দিন শেষে কিউয়িদের স্কোর ২৪৬/৫। তবে এখানেই হচ্ছে চিন্তা। কারণ প্রথম টেস্টে যেখানে ভারত ৭২০ রান করেও জিততে পারেনি, সেখানে এই টেস্টে জয় দরকারই ভারতের। কিন্তু প্রথম দিনের শেষে কিছুটা হলেও ব্যাকফুটে টিম ইন্ডিয়া।
ক্রাইস্টচার্চে প্রথম দিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন গিল। প্রথম উইকেট পেতেই ভারতকে অপেক্ষা করতে হল ২৬ ওভার। ৭৯ বলে ৩১ রান করে আউট হলেন ডেভন কনওয়ে। দলের অধিনায়ক টম লাথাম প্রথম টেস্টের ২ ইনিংসেই ০ করার পর আজ রান পেলেন। ১২৮ বলে ৫৯ রান করলেন তিনি। হেনরি নিকল্স করেছেন ১৬। ৯ বল খেলেও খাতা খুলতে পারেননি রাচিন রবীন্দ্র। ৩১ রান করেছেন ড্যারেল মিচেল। দিন শেষে ৫৩ রানে অপরাজিত টম ব্ল্যান্ডেল ও ৩৬ রানে অপরাজিত গ্লেন ফিলিপ্স। ৮৫ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২৪৬/৫।
দ্বিতীয় টেস্টেও দলে সুযোগ পেলেন না মহম্মদ সিরাজ। বদলে অভিষেক হল গুরনুর ব্রারের। ১৯ ওভার বল করে ৫২ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন তিনি। সমপরিমান রান দিয়ে ২ উইকেট পেয়েছেন আকাশ দীপ। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন অংশুল কম্বোজ ও ওয়াশিংটন সুন্দর। তবে অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠছেই। কেন সিরাজ ও জাদেজাকে দলে নেওয়া হল না? কেন বারবার তাঁদের দল থেকে বাদ দেওয়া হচ্ছে? এই অনভিজ্ঞ বোলিং লাইন আপের জন্যই অল আউট হল না নিউজিল্যান্ড, বলছেন অনেক অভিজ্ঞই। তবে এই ম্যাচেও যদি ভারত না জিততে পারে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ হারাতে পারেন গিলরা।