FIFA World Cup: ‘দেখবেন পরের বার যেন এমন না হয়…’ আমেরিকার নিয়মের ফাঁসে পড়ে আক্ষেপ ইরানের!
Iran Football : মিশরের বিরুদ্ধে ম্যাচে ১-১ চলাকালীন ৯৩ মিনিটে গোল করে ইরান। কিন্তু ভার (VAR) নিয়মের কারণে এই গোলকে অফসাইড বলে বাতিল করা হয়। যে ম্যাচে ইরান আরামসে জিতে যেতে পারত, সেই ম্যাচে ড্র করে ইরান এই মুহূর্তে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ এর অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে।

আমেরিকা : বিশ্বকাপ (FIFA World Cup 2026) মানেই একাধিক বিতর্ক । কখনও নিয়ম সংক্রান্ত, কখনও বা কোনও খেলার মুহূর্ত সংক্রান্ত ঝামেলায় জর্জরিত ফিফা বিশ্বকাপ। তবে এবার বিশ্বকাপের ম্যাচ নিয়েই ক্ষুব্ধ ইরান দল (Iran)। গতকালের ম্যাচেই দেখা গিয়েছে, শেষ মুহূর্তের গোল অফসাইড হয়ে কিভাবে স্বপ্নভঙ্গ করেছে ইরানের। এর সঙ্গে, ইরানের ভ্রমণ সংক্রান্ত ঝামেলা তো আছেই। তবে এবার সব নিয়েই সরব হলেন ইরান দলের কোচ আমির গালেনোই (Amir Ghalenoei)।
ইরান দলের কোচের মতে, গ্ৰুপ পর্বে তাঁদের বারবার আমেরিকা থেকে মেক্সিকো যাওয়া আসা করতে হয়েছে, যার ফলে দলের মনোসংযোগে ব্যাঘাত ঘটেছে। একগাদা প্রতিকূলতা নিয়েও লড়েছে ইরান। শেষ ম্যাচে আমেরিকা সরকার ইরানকে বলেছিল, তারা একদিনের বদলে দুই দিন আগে আসতে পারে আমেরিকায়। কিন্তু তা কখনোই খেলোয়াড়দের মানসিক দিক থেকে দেখতে গেলে যথেষ্ট নয়। ম্যাচ শেষে ইরান কোচ গালেনোই বলেন, “আমাদের সঙ্গে খুব অন্যায় ব্যবহার করা হয়েছে। যদি আয়োজক দেশ আমাদের অন্তত দুই সপ্তাহ আগে দেশে আসার অনুমতি দিত, তাহলে আমরা শারীরিক ও মানসিক – দুই দিক থেকেই সুস্থ থাকতে পারতাম। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি।”
একই সঙ্গে বলতেই হবে আজকের ম্যাচে ইরানের দুর্ভাগ্যও। মিশরের বিরুদ্ধে ম্যাচে ১-১ চলাকালীন ৯৩ মিনিটে গোল করে ইরান। কিন্তু ভার (VAR) নিয়মের কারণে এই গোলকে অফসাইড বলে বাতিল করা হয়। যে ম্যাচে ইরান আরামসে জিতে যেতে পারত, সেই ম্যাচে ড্র করে ইরান এই মুহূর্তে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ এর অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে। ইরানের উল্লাস মুহূর্তের মধ্যে হতাশায় বদলে যায়। সেই নিয়েও আক্ষেপ করলেন গালেনোই,“আমরা আগে নিজেদের স্রেফ অবহেলিত দল ভাবলেও এই মুহূর্তে মনে হচ্ছে, আমরা দুর্ভাগাও। আমি ফিফাকে অনুরোধ করছি, ভবিষ্যতের কোনও বিশ্বকাপেই যেন কোনও দেশের সঙ্গে এরকম ব্যবহার না করা হয়।”
এই বিশ্বকাপে ইরান ম্যাচে খেলেই চলে গিয়েছে মেক্সিকোতে। সেখানেই তারা অপেক্ষা করছে দলের ফলের জন্য। যদি ইরান রাউন্ড অফ ৩২ এ ওঠে, তাহলে সুযোগ পাবে আমেরিকাতে গিয়ে খেলার। নাহলে, সেখান থেকেই ইরানের ফ্লাইট ধরতে হবে গালেনোইদের।
