Indian Hockey Team: ভারতের হকি জার্সি এখন গেরুয়া, কেন বদল হল নীলের ঐতিহ্য? জানাল হকি ইন্ডিয়া!
Hockey : সংস্থার দাবি, গেরুয়া রং বেছে নেওয়ার ক্ষেত্রে খেলোয়াড় ও কোচরা আরও কয়েকটি রঙের প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত সবদিক বিবেচনা করে গেরুয়া রঙের জার্সির সিদ্ধান্ত নেওয়া হয়। হকি ইন্ডিয়া জানিয়েছে, কোচ ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা : ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে (FIH Hockey World Cup 2026) ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল তাদের ঐতিহ্যবাহী নীল জার্সি ছেড়ে গেরুয়া জার্সি পরার সিদ্ধান্ত নিয়েছে। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। কেন ভারত জার্সিতে গেরুয়া ছোঁয়া লাগিয়েছে, এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এমনকি এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরেন রাসকিনহা। তাঁর মতে, ভারতীয় হকি দলের পরিচয় বরাবর নীল জার্সির সঙ্গে জড়িত।
তবে হকি ইন্ডিয়া জানিয়েছে, কোচ ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মতে, আধুনিক নীল রঙের সিন্থেটিক টার্ফে নীল জার্সি পরে খেললে খেলোয়াড়দের স্পষ্টভাবে দেখা যায় না। হকি ইন্ডিয়ার দাবি, আন্তর্জাতিক হকিতে ব্যবহৃত নীল কৃত্রিম টার্ফের সঙ্গে নীল জার্সির রং প্রায় মিশে যায়। ফলে ম্যাচ চলাকালীন সতীর্থদের দ্রুত চিনতে ও পাস দিতে সমস্যা হয়। এতে খেলার সময় সতীর্থদের খুঁজে পাওয়া যায় বা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সংস্থার দাবি, গেরুয়া রং বেছে নেওয়ার ক্ষেত্রে খেলোয়াড় ও কোচরা আরও কয়েকটি রঙের প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত সবদিক বিবেচনা করে গেরুয়া রঙের জার্সির সিদ্ধান্ত নেওয়া হয়।
Presenting the new India jersey! 🇮🇳
Every stitch tells a story. Every pattern, every colour carries India’s pride.
Our teams are ready to once again do the country proud at the FIH Hockey World Cup Belgium & Netherlands 2026.
🎥: Select 2 (SD+HD)+ Khel & JioHotstar 🗓️: August… pic.twitter.com/8GvwbByapq
— Hockey India (@TheHockeyIndia) July 27, 2026
নতুন জার্সি কী বার্তা দিচ্ছে?
হকি ইন্ডিয়ার দাবি, নতুন জার্সিটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয় ফুটে ওঠে। এর বিশেষ বৈশিষ্ট্যগুলি হল-
১. গেরুয়া রং সাহস, আত্মত্যাগ ও জয়ের প্রতীক।
২. গাঢ় নীল রঙের অংশ অশোক চক্র থেকে অনুপ্রাণিত। এটি উন্নতি, শান্তি ও একাগ্রতার প্রতীক।
৩. ম্যান্ডালা নকশা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে।
৪. বুকের উপর সুদর্শন চক্রের নকশা শক্তি, ঐক্য ও এগিয়ে চলার প্রতীক।
৫. কাঁধের পাশে তেরঙ্গা রঙের স্ট্রাইপ জাতীয় গর্বকে প্রকাশ করে।
৬. INDIA শব্দটি দেবনাগরী লিপির আদলে ডিজাইন করা হয়েছে, যাতে দেশের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্রের প্রতিফলন ঘটে।
৭. গেরুয়ার পাশাপাশি একই রঙের সাদা জার্সিও ব্যবহার করবে ভারতীয় দল।
