
বে ওভাল: লক্ষ্য মাত্র ২১০, তাই তুলতে গিয়ে হিমশিম খেয়ে গেল নিউজিল্যান্ড। চতুর্থ ওডিআইতে ভারতকে হারালেও পঞ্চম ম্যাচে হেরে গেল কিউয়িরা। ২১০ রান তাড়া করতে নেমে ১৮৭ রানেই অল আউট হয়ে গেল নিউজিল্যান্ড। ২২ রানে জিতে ৩-১ ফলে সিরিজ জিতল ভারত। আজ, রবিবার সকালে এই দেশের ফুটবল টিমের কাছে হেরেছে ভারত। কিন্তু ক্রিকেটে মধুর প্রতিশোধ নিলেন বিরাটরা। এটাই নিউজিল্যান্ডের মাটিতে রো-কোর শেষ সিরিজ। ভারতের জয়ে সেই সিরিজই স্মরণীয় করে রাখলেন এই দুই কিংবদন্তি।
প্রথমে ব্যাট করে শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ৭ রানে আউট হয়ে ফিরলেন রোহিত শর্মা। আর এক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় করলেন ১৮। আজও ব্যর্থ কোহলি (৫)। অধিনায়ক শ্রেয়সের ব্যাট থেকে এল ২২। তবে এঁদের পর ভারতের রানের জন্য সম্পূর্ণ অবদান অক্ষর প্যাটেল ও ঈশান কিষানের। ৫৫ বলে ৪৬ রান করলেন অক্ষর। ঈশানের ব্যাট থেকে এল ৫৮ বলে ৪৬ রানের ইনিংস। ৭ নম্বরে নামা নমন ধীরও করলেন ২২ রান। শেষে সিরাজ ও অর্শদীপের ১৪ রানের ইনিংসের বদান্যতায় ২০০ রানের গণ্ডি পার করে ভারত। ৩টি করে উইকেট পেয়েছেন জেকব ডাফি ও মিচেল স্যান্টনার। ২টি উইকেট পেয়েছেন ম্যাথু ফিশার।
আজ ভারতের হয়ে ওডিআই ডেবিউ করলেন পেসার যশ ঠাকুর। নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে এক সময় মনে হচ্ছিল, হাসতে হাসতে এই ম্যাচ জিতবে নিউজিল্যান্ড। কিন্তু কোথায় কী, ভারতের বোলিং বিক্রমে গুটিয়ে গেল কিউয়ি ব্যাটিং ইউনিট। বড় রান পেলেন না দুই ওপেনার উইল ইয়ং (২২) ও টিম সেইফার্ট (১৪)। নিক কেলিও (২৪) বড় রান পাননি। নিজের অভিষেক ম্যাচেই ডিন ফক্সক্রফ্টকে (৩১) আউট করলেন যশ। একসময় ১১৯/৫ থেকে ১৬১/৮ হয়ে যায় নিউজিল্যান্ড। সেখান থেকে পাল্টা লড়াই করা শুরু করেন ক্রিশ্চিয়ান ক্লার্ক (১৬) ও ব্লেয়ার টিকনার (১৪)। তবে রান কম করলেও তাঁরা বেশ বল নিয়েছেন। যদিও এতে ভারতের জয় আটকায়নি। শেষ অবধি ১৮৭ রানেই অল আউট হয়ে গেল নিউজিল্যান্ড।
ভারতের হয়ে ৩ উইকেট নিলেন অর্শদীপ সিং। ২টি করে উইকেট পেয়েছেন সিরাজ ও অক্ষর প্যাটেল। ১টি করে উইকেট পেয়েছেন আকিব নবি, যশ ঠাকুর ও নমন ধীর। ২২ রানে ম্যাচ জিতে ৩-১ ফলে সিরিজ জিতল ভারত। যদিও, এরপর আর নিউজিল্যান্ডে খেলতে যাবেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই তাঁদের এই বিদায়ী ম্যাচ জিতে সিরিজও পকেটে পুরল গম্ভীরের ছাত্ররা।