IND Vs NZ 1st Test Day 5: ৭২০ রান করেও ম্যাচ ড্র গিলদের, WTC-তে এখন কোথায় অবস্থান ভারতের?

WTC Points Table: এরপর ভারতের বাকি আর ৬টি ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ও বর্ডার-গাভাস্কর ট্রফির ৫টি টেস্ট। এই ৫টি টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে খেলবেন গিলরা। তাই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ক্ষেত্রে এই ৫টি টেস্ট খুব গুরুত্বপূর্ণ।

IND Vs NZ 1st Test Day 5: ৭২০ রান করেও ম্যাচ ড্র গিলদের, WTC-তে এখন কোথায় অবস্থান ভারতের?
ভারতীয় দলImage Credit source: Getty Images

|

Nov 23, 2026 | 11:48 AM

বেসিন রিজার্ভ: পঞ্চম দিনের টেস্ট শুরু হওয়ার আগে অনেকেই ভেবেছিলেন, আদৌ কি শেষ দিনে ৮ উইকেট ফেলতে পারবে ভারত? কারণ একটাই, নিষ্প্রাণ পিচ। এই কারণেই একটা চিন্তা ছিল, ৮ উইকেট ফেলা সম্ভব হবে কি না। সেই আশঙ্কাই সত্যি হল। শেষ দিনে ৮ উইকেট ফেলতে পারল না ভারত। ফলে ম্যাচ শেষ হওয়ার প্রায় ১ ঘন্টা আগেই ড্রয়ের সিদ্ধান্ত নিল দুই দল। রানের পাহাড় গড়েও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হবে গিলদের।

শেষ দিনে ভারতের সামনে লক্ষ্য ছিল, যেন তেন প্রকারেণ ৮ উইকেট ফেলতেই হবে কিউয়িদের। কিন্তু কোথায় কি, শেষ দিনে ৩টির বেশি উইকেটই পড়ল না। ফলে, ড্র হল প্রথম টেস্ট। ভারতীয় বোলিং ইউনিটকে শ্রান্ত করে পিচ আঁকড়ে পড়ে রইলেন ড্যারেল মিচেল (৪৯ নঃআঃ) ও গ্লেন ফিলিপ্স। এই ড্র কিন্তু নিউজিল্যান্ডের কাছে জয়ের সমান। কারণ, এই ম্যাচে মিচেলদের জয়ের আশা ছিল খুবই ক্ষীণ। তবুও, যেভাবে তাঁরা লড়লেন, প্রশংসা করতেই হয়। আজ গোটা দিনে পড়েছে মাত্র ৩ উইকেট। ৬৫ রানের মাথায় আউট হয়েছেন ডেভন কনওয়ে। ১২৯ বল খেলে মাত্র ৩৭ রান করে আউট হয়েছেন রাচিন রবীন্দ্র। উইকেটকিপার টম ব্ল্যান্ডেলের ব্যাট থেকে এসেছে ১৫ রান, তবে তিনি খেলেছেন ৫৪টি বল। ১২৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপ্স। শেষ অবধি নিউজিল্যান্ড করে ২৩৯/৫। এরপরেই ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেয় দুই দল।

WTC-তে ভারতের অবস্থান-

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রমতালিকায় ৪ নম্বরে রইল ভারত। ১২ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জয় ও ৪টি ম্যাচ হারসহ ৭২ পয়েন্ট পেয়েছে ভারত। ড্র হয়েছে ৩টি ম্যাচ। এই মুহূর্তে ভারতের PCT বা Points Percentage হল ৫০%। অন্যদিকে ৩ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ৫৬ এবং তাদের PCT ৬৬.৬৭%। শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার PCT যথাক্রমে ৭৫% ও ৬৯.২৩%।

এরপর ভারতের বাকি আর ৬টি ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ও বর্ডার-গাভাস্কর ট্রফির ৫টি টেস্ট। এই ৫টি টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে খেলবেন গিলরা। তাই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ক্ষেত্রে এই ৫টি টেস্ট খুব গুরুত্বপূর্ণ। তবে তার আগে ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট জিততেই হবে ভারতকে, নাহলে এবারও ফাইনাল খেলার স্বপ্ন প্রায় ছিটকে যাবে বলেই মনে করছে অভিজ্ঞ ক্রিকেটমহল।

Loading...
Unable to load recommendations.
Follow Us