Para Asian Games: সরলেন ‘বিতর্কিত কোচ’ নৌটিয়াল, প্যারা এশিয়ান গেমস নিয়ে প্রস্তুত ভারত
Indian Athletes: এই বছরের প্যারা এশিয়ান গেমসে ভারতের মোট প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ২৭৫। তাঁদের মধ্যে রয়েছেন ১৬৬ জন ক্রীড়াবিদ, ৯৪ জন সাপোর্ট স্টাফ ও ১৫ জন প্রতিনিধি দলের কর্মী। মোট ১০টি বিভাগে খেলবেন ভারতীয় ক্রীড়াবিদরা। দলের সব থেকে বড় অংশ প্যারা অ্যাথলেটিক্সে। এই বিভাগে রয়েছেন ৬২ জন ক্রীড়াবিদ, যার মধ্যে ৪৬ জন পুরুষ।

নয়াদিল্লি: প্যারা এশিয়ান গেমসের আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। খেলোয়াড়দের বিতর্কিত নির্বাচন ও খেলোয়াড়দের প্রতিবাদের জেরে ভারতের প্যারা শ্যুটিং কোচ জয়প্রকাশ নৌটিয়ালকে দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলের নয়া কোচ জীবন এল রাই। জাপানের আইচি নাগোয়াতে আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।
বুধবার চূড়ান্ত দল অনুমোদনের পর ভারতের হয়ে মোট ১৬৬ জন ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করা হয়েছে। দল নির্বাচন ঘিরে শ্যুটার ও সাইক্লিস্টদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। কয়েকজন খেলোয়াড়ের অভিযোগ ছিল, খেলোয়াড়দের নির্বাচনের নিয়ম মানা হয়নি। এমনকি দলে সুযোগ দেওয়ার পরিবর্তে নাকি আর্থিক সাহায্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নির্বাচন নিয়ে অসন্তুষ্ট একাধিক শ্যুটার সাই-এর সদর দফতরের বাইরে প্রতিবাদ জানান। তাঁদের দাবি ছিল, নৌটিয়ালকে কোচের দায়িত্ব থেকে সরাতে হবে। গত সপ্তাহে ভারতীয় দলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানেও বিক্ষভের পরিস্থিতি তৈরি হয়। পরে ক্ষুব্ধ ক্রীড়াবিদদের একটি দল ক্রীড়ানমন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে দেখা করে আসে। এরপরেই জানানো হয়, কোচের পদে আর থাকছেন না নৌটিয়াল।
এই বছরের প্যারা এশিয়ান গেমসে ভারতের মোট প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ২৭৫। তাঁদের মধ্যে রয়েছেন ১৬৬ জন ক্রীড়াবিদ, ৯৪ জন সাপোর্ট স্টাফ ও ১৫ জন প্রতিনিধি দলের কর্মী। মোট ১০টি বিভাগে খেলবেন ভারতীয় ক্রীড়াবিদরা। দলের সব থেকে বড় অংশ প্যারা অ্যাথলেটিক্সে। এই বিভাগে রয়েছেন ৬২ জন ক্রীড়াবিদ, যার মধ্যে ৪৬ জন পুরুষ। তাঁদের জন্য থাকবেন ৩৬ জন সাপোর্ট স্টাফ। দৃষ্টি প্রতিবন্ধী স্প্রিন্টার সিমরনও ভারতীয় দলে জায়গা পেয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী এই ক্রীড়াবিদ এবার নতুন গাইডের সঙ্গে নামবেন। তাঁর আগের গাইড উমর সাইফের নাম ডোপিং সংক্রান্ত একটি মামলায় জড়িয়েছিল। সাইক্লিং দল নিয়েও বিতর্ক কম হয়নি। বাদ পড়া কয়েকজন শেষ মুহূর্তে দলে ঢোকার আবেদন করেছিলেন তবে ক্রীড়ামন্ত্রক সেই আবেদনে সাড়া দেয়নি।
ভারতের রয়েছে মোট ২৮ সদস্যের প্যারা ব্যাডমিন্টন দল। এঁদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১১ জন মহিলা খেলোয়াড়। দলকে নেতৃত্ব দেবেন প্রাক্তন বিশ্বের ১ নম্বর প্রমোদ ভগৎ। তিনি টোকিওর প্যারালিম্পিকসে সোনা জিতেছিলেন। তিরন্দাজিতে রয়েছেন শীতল দেবী। হাত ছাড়াই কম্পাউন্ড তিরন্দাজিতে অংশ নেওয়া এই ১৯ বছরের বিশ্বচ্যাম্পিয়ন আগের প্যারা এশিয়াডে সোনা জিতেছিলেন। এবারেও তাঁর দিকেই তাকিয়ে থাকবে ভারত। তবে এই বিতর্ক কাটিয়ে ভারতীয় ক্রীড়াবিদরা জাপানের মঞ্চে কথা সফল হন, এটাই এখন চর্চার বিষয়।
