Madison Keys: ১৬ বছরের অপেক্ষার অবসান, সাবালেঙ্কাকে উড়িয়ে প্রথম খেতাব ম্যাডিসনের
Australian Open 2025: সেমিতে ইগা সোয়াতেকের বিরুদ্ধে হারিয়ে যেতে যেতে ফিরে এসেছিলেন। প্রথম সেট হারের পরও অবিশ্বাস্য জিতে উঠে পড়েছিলেন ফাইনালে। ফাইনালের শুরুটা একটু অন্য রকম হয়েছিল।

কলকাতা: থ্রিলার বললেও কম বলা হয়। আবার সেমিফাইনালের অ্যাকশন রিপ্লাইও বলা যেতে পারে। যাই বলা হোক না কেন, ম্যাডিসন কিজ় (Madison Keys) এখন মেয়েদের তো বটেই, ওপেন টেনিস এরার বিস্ময়। ২০০৯ সালে পেশাদার টেনিস পা দিয়েছিলেন। ১৬ বছর অপেক্ষা করতে হল প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের জন্য। অপেক্ষার এত লম্বা ইতিহাস কারও ক্ষেত্রে এর আগে দেখা যায়নি। অস্ট্রেলিয়ান ওপেনে অবশেষে জয়ের মঞ্চ খুঁজে পেলেন আমেরিকান টেনিস প্লেয়ার। মেলবোর্ন পার্কে ফাইনালে হারালেন মেয়েদের টেনিসের এক নম্বর প্লেয়ার আরিনা সাবালেঙ্কাকে।
সেমিতে ইগা সোয়াতেকের বিরুদ্ধে হারিয়ে যেতে যেতে ফিরে এসেছিলেন। প্রথম সেট হারের পরও অবিশ্বাস্য জিতে উঠে পড়েছিলেন ফাইনালে। ফাইনালের শুরুটা একটু অন্য রকম হয়েছিল। সাবালেঙ্কার বিরুদ্ধে প্রথম সেটটা জিতেছিলেন ৬-৩। কিন্তু দ্বিতীয় সেটটা আবার হেরে যান ২-৬। ১-১ করে সাবালেঙ্কা তখন ফুটছেন। কিন্তু সেখান থেকেই আবার খেলা ঘুরিয়ে দিলেন ম্যাডিসন। ৭-৫ জিতে নেন সেটটা। ম্যাডিসনের এ হেন লড়াই দেখে সকলেই অবাক। এর আগের দুটো অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। অনেকেই ভেবেছিলেন হ্যাটট্রিক করে ইতিহাসে পা রাখবেন। তা হল না ম্যাডিসনের জন্য।
বিশ্বের ১৯ নম্বর প্লেয়ার ম্যডিসন এর আগেও সাবালেঙ্কার বিরুদ্ধে খেলেছেন ৫বার। ম্যাডিসন মাত্র একবারই জিততে পেরেছিলেন। তার চার বছর আগে বার্লিনে। সব দিক থেকেই যে কারণে ফেভারিট ধরা হয়েছিল সাবালেঙ্কাকে। দুই প্লেয়ারই টানা ১১টা ম্য়াচ জিতে একে অপরের মুখোমুখি নেমেছিলেন। ২৯ বছরে প্রমাণ করে দিলেন ম্যাডিসন, অপেক্ষা থাকতে পারে, কিন্তু সেই অপেক্ষা শেষও হয় একসময়। যেমন ম্যাডিসন কিজ়ের হল, শনিবার মেলবোর্ন পার্কে।
MADI’S MAIDEN MAJOR UNLOCKED 🔓 🏆#AO2025 pic.twitter.com/fwDSauL0Gb
— #AusOpen (@AustralianOpen) January 25, 2025
