SRK sends defamation notice: অনন্ত অম্বানির সঙ্গে কথোপকথন ভুলভাবে দেখানো হয়েছে, কনটেন্ট ক্রিয়েটারকে আইনি নোটিস দিলেন শাখরুখ, পাল্টা এল জবাবও
Shah rukh khan:শাহরুখ খানের আইনজীবীদের দাবি, ভিডিয়ো এবং তার ক্যাপশনের মাধ্যমে ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে অভিনেতার ভাবমূর্তি, সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। নোটিসে এই ধরনের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করা হয়েছে।

নয়া দিল্লি: সমাজমাধ্যমে (Social Media) সদ্য ভাইরাল হয়েছিল বলিউডের বাদশা শাহরুখ খান (Shah rukh khan) ও অনন্ত অম্বানির (Anant ambani) একটি ভিডিয়ো। সেই ভিডিয়োকে ঘিরে আইনি পদক্ষেপ করলেন কিং খান (King Khan)। সংশ্লিষ্ট ভিডিয়োয় দাবি করা হয়েছিল, কথোপকথনের সময় শাহরুখ খানকে চুপ থাকতে বলা হয়েছিল। এই দাবিকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে উল্লেখ করে এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিস পাঠিয়েছেন অভিনেতার আইনজীবীরা।
একটি সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৩ নভেম্বর কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মাকে এই আইনি নোটিস পাঠানো হয়েছে। ভিডিয়োতে সদগুরুর সঙ্গে অনন্ত অম্বানির কথোপকথনের দৃশ্যের পাশাপাশি শাহরুখ খান ও অনন্তর একটি আলাদা কথোপকথনের ক্লিপ জুড়ে দেওয়া হয়েছিল। তারপর ক্যাপশনে এমন দাবি করা হয় যে, অনন্ত অম্বানি শাহরুখ খানকে চুপ থাকতে বলেছিলেন।
শাহরুখ খানের আইনজীবীদের দাবি, ভিডিয়ো এবং তার ক্যাপশনের মাধ্যমে ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে অভিনেতার ভাবমূর্তি, সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। নোটিসে এই ধরনের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করা হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ৩৫৬ ধারার উল্লেখ করে নোটিসে মানহানির বিষয়টি তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরকে অবিলম্বে বিতর্কিত রিলটি সরিয়ে ফেলতে বলা হয়েছে। নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে পদক্ষেপের বিষয়টি জানাতেও বলা হয়েছে।
অন্যদিকে, নোটিস পাওয়ার পর পাল্টা ভিডিয়ো প্রকাশ করে নিজের বক্তব্য জানিয়েছেন সুবিজ্ঞ শর্মা। তাঁর দাবি, ভিডিয়োটি নিয়ে তাঁর বক্তব্য মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে। শাহরুখ খানের আপত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে এই বিতর্কে এখনও পর্যন্ত আইনি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্পষ্ট নয়।
