Mahela Jayawardene: মুম্বইতে সমাপ্ত মাহেলা অধ্যায়, রোহিতদের হেডস্যরের চেয়ারে কে বসবেন?

Mumbai Indians: মোট ২ দফাতে দলের কোচ ছিলেন তিনি। ২০১৭ থেকে ২০২২ ও দ্বিতীয়বার ২০২৪ থেকে কোচিং করিয়েছেন মাহেলা। তাঁর কোচিংয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৫টি আইপিএল খেতাবের মধ্যে ৩টি জিতেছিল। তবে দ্বিতীয় দফাতে আর সেই সাফল্য ধরে রাখতে পারেনি দল।

Mahela Jayawardene: মুম্বইতে সমাপ্ত মাহেলা অধ্যায়, রোহিতদের হেডস্যরের চেয়ারে কে বসবেন?
মাহেলা জয়বর্ধনেImage Credit source: PTI

|

Oct 17, 2026 | 2:07 PM

মুম্বই: আইপিএল ২০২৭ এর আগে বড় পরিবর্তনের পথে মুম্বই ইন্ডিয়ান্স। হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে। শনিবার সোশাল মিডিয়াতে এই খবর জানিয়েছে আইপিএলের ৫ বারের এই চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। জয়াবর্ধনের বিদায়ের মধ্যে দিয়েই নতুন করে দল সাজানোতে মন দেবে মুম্বই বলে মনে করছে ক্রিকেটমহল। এরই মধ্যে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়েও জল্পনা তুঙ্গে। আদৌ কি তিনি থাকবেন, নাকি অন্য দলের জার্সি পরতে দেখা যাবে হার্দিককে, জল্পনা সর্বত্র।

মুম্বইয়ের অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত জয়বর্ধনে। তাঁর প্রথম দফার কোচিংয়ে একাধিকবার আইপিএল ট্রফি জিতেছে মুম্বই। কিন্তু দ্বিতীয় দফাতে ছবিটা বদলে যায়। ২০২৪ আইপিএলে লাস্ট বয়, ২০২৫-এ কোয়ালিফায়ার টু ও ২০২৬-এ নবম স্থানে শেষ করে মুম্বই ইন্ডিয়ান্স। এই পরিস্থিতিতে জয়াবর্ধনের সরে দাঁড়ানোকে মুম্বই ইন্ডিয়ানসের নতুন করে দল গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিদায়ের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, “মুম্বই ইন্ডিয়ান্স এক দশকেরও বেশি সময় ধরে আমার ক্রিকেট জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ওয়ান ফ্যামিলি-র অসাধারণ সমর্থন ও সর্বোপরি সমর্থকদের ভালবাসা এই অভিজ্ঞতাকে আমার কাছে চিরস্মরণীয় করে তুলেছে। আমরা একসঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি।”

তিনি আরও বলেন, “নীতা আম্বানি ও আকাশ আম্বানিকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। একসঙ্গে আমরা যা অর্জন করেছি, তার জন্য গর্বিত। মুম্বই ইন্ডিয়ান্স আমার হৃদয়ের বিশেষ জায়গায় থাকবে। আগামী দিনে দলের অনেক সাফল্য কামনা করি।”

মোট ২ দফাতে দলের কোচ ছিলেন তিনি। ২০১৭ থেকে ২০২২ ও দ্বিতীয়বার ২০২৪ থেকে কোচিং করিয়েছেন মাহেলা। তাঁর কোচিংয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৫টি আইপিএল খেতাবের মধ্যে ৩টি জিতেছিল। তবে দ্বিতীয় দফাতে আর সেই সাফল্য ধরে রাখতে পারেনি দল। শুধু কোচ হিসেবে নয়, ফ্র্যাঞ্চাইজির প্রসারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাঁর দায়িত্বে থাকাকালীন মুম্বই ইন্ডিয়ান্স, এমআই নিউ ইয়র্ক ও এমআই এমিরেটস – তিনটি দলই নিজেদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে মুম্বই ইন্ডিয়ান্স থেকে তিনি সরে যাওয়ায় নয়া কোচ কে হবেন, এই দিকেই নজর থাকবে প্রত্যেক সমর্থকদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us