MS Dhoni Retirement: শেষলগ্নে সঙ্গী মুকেশ, সেই ‘পল দো পল কা শায়র’ হয়েই বিদায় ধোনির!

Chennai Super Kings: ক্রিকেট ছেড়ে দিয়েছেন ধোনি। আর কোনওদিন চেন্নাইয়ের পরিত্রাতা হয়ে ব্যাট ধরবেন না সমর্থকদের পছন্দের 'থালা'। কিন্তু এই ভিডিও দেখে বারবার অবাক হতে হয়। কেন ধোনি আপনি এই রকম? কেন আপনার মধ্যে এক ফোঁটাও আত্মকেন্দ্রিকতা নেই? কেন ভিডিয়োতে আপনার স্থান কম?

MS Dhoni Retirement: শেষলগ্নে সঙ্গী মুকেশ, সেই পল দো পল কা শায়র হয়েই বিদায় ধোনির!
ফাইল ছবিImage Credit source: PTI

|

Nov 17, 2026 | 8:37 PM

  – সোমনাথ ব্যানার্জী

কলকাতা: দুপুর থেকেই একটা আশঙ্কা ছিল। সেটাই সত্যি করে চেন্নাই সুপার কিংস দল থেকে নাম তুলে নিলেন মহেন্দ্র সিং ধোনি। আগামী মরসুমে আর চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যাবে না তাঁকে। কিন্তু এখানেই তো আসল সারপ্রাইজ। আজ থেকে ঠিক সাড়ে ৬ বছর আগে যে ভিডিয়ো পোস্ট করেছিলেন ধোনি, সেই একই ধাঁচের একটি ভিডিয়ো পোস্ট করলেন আজকেও। ধোনির সোশাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট হয়েছে একটি ভিডিয়ো, যেখানে সঙ্গী সেই “ম্যায় পল দো পল কা শায়র হুঁ…”।

ক্রিকেট ছেড়ে দিয়েছেন ধোনি। আর কোনওদিন চেন্নাইয়ের পরিত্রাতা হয়ে ব্যাট ধরবেন না সমর্থকদের পছন্দের ‘থালা’। কিন্তু এই ভিডিও দেখে বারবার অবাক হতে হয়। কেন ধোনি আপনি এই রকম? কেন আপনার মধ্যে এক ফোঁটাও আত্মকেন্দ্রিকতা নেই? কেন ভিডিয়োতে আপনার স্থান কম? আপনার জায়গায় যে কেউ থাকলে তো শুধু নিজেকেই রাখত। আমি কিনা এত বছর ধরে দেশকে টানলাম, একটা আইপিএল দলকে ব্র্যান্ড বানালাম, সেখানে আমিই নেই? এখানেই তো ম্যাজিক। ধোনি আছেন, কিন্তু দ্বিতীয় সারিতে।

অগ্রাধিকার কারা পেল, না ইরফান পাঠান! যে ইরফান পাঠানের সঙ্গে ধোনির একসময় চরম বন্ধুত্ব ছিল। এরপর বীরেন্দ্র সেহবাগ, যাঁকে একসময় নাকি দলেই রাখতে চাননি ধোনি? তার আগের ছবিতেই যুবরাজ সিং। নিন্দুকদের মতে, যিনি ধোনির সবথেকে বড় শত্রু ছিলেন দলে ঢোকার আগে? এরপরের ছবিগুলো দেখে আবেগপ্রবণ হতেই হয়। সচিনের ২০০ হোক, রোহিতের ২০৯ বা কোহলির ১০ হাজার ওডিআই রান – সব ক্ষেত্রেই ধোনি ছিলেন নিকটতম সাক্ষী। প্রত্যেক বিদায়ী তারকার সঙ্গে মুহূর্তের উদযাপন করেছেন ধোনি।

একই সঙ্গে তাঁর এই ভিডিওতে জায়গা পেয়েছেন চেন্নাইয়ের সমর্থকরা। ২০২৩-এর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর জাদেজাকে ধোনির কোলে তুলে নেওয়া, শ্রীনি থেকে স্টিফেন ফ্লেমিং – কে না নেই ভিডিয়োতে? রয়েছেন সুরেশ রায়নাও, যিনি ১৫ অগস্টের সেই সন্ধ্যেতে ধোনির সঙ্গেই অবসর নিয়েছিলেন। গানের একটি জায়গায় সাহির লুধিয়ানভি লিখছেন, “কাল তুমসে জুদা হো জাউঙ্গা/উয়ো আজ তুমহারা হিস্সা হুঁ।” অথচ সেই সময় পর্দায় কে? ধোনির সঙ্গে বর্তমান সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। এ কি নিছকই কাকতালীয়? মনে তো হয় না।

২০২০ থেকে ২০২৬ – সাড়ে ৬ বছর কেটে গিয়েছে। এই সাড়ে ৬ বছরে দুনিয়া বদলেছে, সময় বদলেছে, ক্রিকেটের নিয়ম বদলেছে। কিন্তু বদলাননি ধোনি। তাই আজও তাঁর ভিডিয়োতে প্রাধান্য পান সতীর্থরাই। কিন্তু নিজেকে নিয়ে ভুল ভেবেছিলেন ধোনি। তাই তিনি হয়ত বলেছেন, “ফ্যানেরা আমাকে ভুল প্রমাণ করেছেন। এর থেকে ভাল গান হয়ত ছিল না। গানের দুটো ভার্সন হয়ত এই কারণেই বানানো হয়েছিল, যাতে আমি ভুল করে ভুল শুধরোতে পারি।” শেষ লগ্নে তাই সমর্থক, প্রাক্তন তারকা ক্রিকেটার, বোর্ডকর্তা, ভবিষ্যতের অধিনায়ক – সবাইকে হয়ত ধোনি বলে গেলেন, “ম্যায় পল দো পল কা শায়র হুঁ…আলবিদা”।

Loading...
Unable to load recommendations.
Follow Us