
মুম্বই: দিন কয়েক আগেই মুম্বই ইন্ডিয়ান্স দলের কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছেন মাহেলা জয়বর্ধনে। এবার তাঁর বদলেই নতুন কোচের ঘোষণা করল মুম্বই দল। নতুন কোচের দায়িত্বে যিনি এসেছেন, তিনি একসময় মুম্বই দলে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। বল হোক বা ব্যাট – দ্বৈত ভূমিকা নিয়েই তিনি দলের জয়ে প্রধান ভূমিকা নিয়েছিলেন।
সম্প্রতি ক্যাপ্টেন নিয়েও চরম বিপাকে ছিল দলটি। হার্দিক নাকি রোহিত – কে হবেন দলের অধিনায়ক, এই নিয়ে বহু প্রশ্ন উঠেছে চারপাশে। এর মধ্যেই দল ছাড়েন মাহেলা। তাঁর জায়গাতেই এবার নয়া কোচ হিসেবে কায়রন পোলার্ডের নাম ঘোষণা করল মুম্বই। দুই দফায় মুম্বইয়ের কোচ হিসেবে কাজ করেছেন মাহেলা। প্রথম দফাতে ২০১৭-২০২২ ও দ্বিতীয় দফাতে ২০২৪-২০২৬ অবধি কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এবার তাঁর বদলেই দায়িত্ব পেলেন পোলার্ড।
দলের হেড কোচ হওয়ার পর উচ্ছ্বসিত পোলার্ড। তিনি বলেন, “মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত। এই দল আমার জীবন ও কেরিয়ারের একটি বড় অংশ। প্রথমে খেলোয়াড় ও পরে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি, দলের হয়ে কাজ করার দায়িত্ব পালন করা কতটা গুরুত্বপূর্ণ। আমার উপর আস্থা রাখার জন্য নীতা ও আকাশ অম্বানি ও মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের সকল সদস্যের কাছে আমি কৃতজ্ঞ।”
মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে পোলার্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ সালের আইপিএলের আগে তাঁকে দলে নিয়েছিল মুম্বই। এরপর ২০২২ সাল অবধি একটানা একটি দলেই খেলেছেন তিনি। ২০২২ সালের নভেম্বর মাসে আইপিএল থেকে অবসর নিয়ে নেন পোলার্ড। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে মুম্বইয়ের শিরোপা জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ২০২৩ সাল থেকে দলের ব্যাটিং কোচ হিসেবে মুম্বই দলেই নয়া ইনিংস শুরু করেন পোলার্ড। এবার সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে হেড কোচের পদে উন্নীত করল ফ্র্যাঞ্চাইজি।