Neymar Retirement: আগামী ডিসেম্বরে অবসর নিতে চলেছেন? বিশ্বকাপের আগেই নতুন জল্পনা ব্রাজিলের মহাতারকাকে নিয়ে

ব্রাজিলিয়ান ফুটবল আইকন নেইমার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ২০২৬ সালের শেষ নাগাদ পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়াতে পারেন। তিনি বলেওছেন, “আমার ভবিষ্যতে কী আছে, জানি না। সম্ভবত ডিসেম্বরেই অবসর নিতে চাইব।” একের পর এক চোট-আঘাতের মোকাবিলা করে সেরে ওঠাই চ্যালেঞ্জ থেকেছে বরাবর। তা সামলে চলেছে।

Neymar Retirement: আগামী ডিসেম্বরে অবসর নিতে চলেছেন? বিশ্বকাপের আগেই নতুন জল্পনা ব্রাজিলের মহাতারকাকে নিয়ে

| Edited By: আকাশ মিশ্র

Feb 21, 2026 | 2:11 PM

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কবে অবসর নেবেন? জানা নেই। অন্তত তিনি স্পষ্ট করে কিছু বলেননি। লিওনেল মেসি কবে অবসর নিতে পারেন? জানা নেই। অন্তত তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তাঁদেরই গ্রহের বাসিন্দা বলা ধরা হত তাঁকেও। বয়স কম, কিন্তু প্রতিভা আলোয় মুগ্ধ করেছিলেন অনেককেই। পাল্লা দিতেন মেসি-রোনাল্ডোর সঙ্গে। ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখিয়েছেন বারবার। সেই নেইমার কিন্তু জানিয়ে দিলেন তাঁর অবসরের সময়! কেন? চোট-আঘাতের ধারাবাহিক কাহিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে ক্রমশ নিরাশ করছে। হতাশা নিয়েই হয়তো দ্রুত ফুটবল থেকে অবসর নিয়ে ফেলতে পারেন নেইমার।

ব্রাজিলিয়ান ফুটবল আইকন নেইমার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ২০২৬ সালের শেষ নাগাদ পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়াতে পারেন। তিনি বলেওছেন, “আমার ভবিষ্যতে কী আছে, জানি না। সম্ভবত ডিসেম্বরেই অবসর নিতে চাইব।” একের পর এক চোট-আঘাতের মোকাবিলা করে সেরে ওঠাই চ্যালেঞ্জ থেকেছে বরাবর। তা সামলে চলেছে। বিশ্বকাপকে সামনে রেখে শেষবারের মতো জাতীয় দলে ফেরার চেষ্টা চালাচ্ছেন। লড়াই কঠিন, ভালোই জানেন। তবে ভবিষ্যৎ অনিশ্চিত হলেও, চলতি মরসুমটা তাঁর ক্লাব ও জাতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেছেন তিনি।

৩৪ বছর বয়স ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। বার্সেলোনা ও পিএসজিতে খেলেছেন লম্বা সময়। সৌদির ক্লাব আল হিলালে সই করেছিলেন। কিন্তু চোটের কারণে খেলতে পারেননি। গত মরসুমে যেখান থেকে শুরু করেছিলেন ফুটবল জীবন, সেই স্যান্টোসে ফিরে গিয়েছেন। নেইমার বলেছেন, তিনি এক-একটা দিন ধরে এগোচ্ছেন। দীর্ঘমেয়াদি চোটে ভুগে আগেই একটি মরসুম পুরোপুরি মিস করেছেন। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল ছিঁড়ে যাওয়ার কারণে। সেই চোটের জটিলতা কাটিয়ে উঠতে ২০২৫ সালের ডিসেম্বরে তিনি হাঁটুর অস্ত্রোপচার করান।

স্যান্টোসের সঙ্গে নেইমারের চুক্তি চলতি বছরের শেষ পর্যন্ত। ব্রাজিলের ক্লাব তাঁকে আবার সই করাবে কিনা, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তাঁর প্রতিভা নিয়ে সংশয় নেই। কিন্তু চোট-আঘাতের কারণেই তারা বিভ্রান্ত। নেইমার বলেছেন, “আমি এই মরসুমে একশো শতাংশ ফিট হয়ে দলে ফিরতে চেয়েছিলাম। এ জন্যই কিছু ম্যাচে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।” তবে তিনি স্বীকার করেছেন যে ছন্দে পুরোপুরি ফিরতে কিছুটা সময় লাগবে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার ৭৯ গোল করেছেন। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ফেরা এখনও তার সবচেয়ে বড় স্বপ্ন। কোচ কার্লো আন্সলোত্তিও নজর রেখেছেন নেইমারের পারফরম্যান্সের দিকে।

ব্রাজিল জুন মাসে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। আপাতত নেইমারের অগ্রাধিকার একটাই, ফিট থাকা, ছন্দ ফিরে পাওয়া এবং সামনে এগিয়ে যাওয়া। নেইমার বলেছেন, “ভবিষ্যতে কী হবে আমি নিজেও জানি না। আগামী বছর সম্পর্কেও কিছু জানি না। ডিসেম্বর এলে হয়তো আমি অবসর নিতে ফেলতে চাইব। এখন আমি এক-একটা বছর ধরে ভাবছি।” একই সঙ্গে নেইমার আরও বলছেন, “এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও। কারণ এটা বিশ্বকাপের বছর। তাই আমার কাছেও খুব গুরুত্বপূর্ণ।”

Loading...
Unable to load recommendations.
Follow Us