
দিল্লি: নয়া ইনিংস প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির? গত ৬ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উত্তরপ্রদেশের এই ৩৬ বছর বয়সী পেসার। নিজের সোশাল মিডিয়াতে এই অবসরের খবর দিয়েছিলেন তিনি। তবে এবার কি নতুন ইনিংস শুরু হচ্ছে তাঁর জীবনে? সূত্রের খবর, ক্রিকেটার হওয়ার পর এবার রাজনৈতিক জীবনও শুরু করতে চলেছেন শামি।
সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। এরপরেই তাঁকে নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। আজ, রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেন শামি। শোনা যাচ্ছে, বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলির উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর সেই বৈঠকের পরেই তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও, শামি বা বিজেপির তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহল। ফলে পরপর দুই ক্রিকেটারের সঙ্গে বিজেপির যোগাযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলে যোগ দিয়ে ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে যোগ দিয়েছেন চাহল। ওবিসি অর্থাৎ পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য বিজেপির সাংগঠনিক শাখা হল এই মোর্চা। নতুন কমিটিতে দিল্লির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন চাহল। এর আগে বিজেপির ওবিসি মোর্চার সভাপতি ওমরপাল মৌর্যের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি।
চাহলের পর এবার মহম্মদ শামির সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে শামির জনপ্রিয়তা ও উত্তরপ্রদেশের আমরোহা অঞ্চলের সঙ্গে তাঁর যোগাযোগের কারণে তাঁকে ঘিরে রাজনৈতিক আলোচনা আরও বেড়েছে। তবে নিতিন নবীনের সঙ্গে সাক্ষাতের অর্থই যে বিজেপিতে যোগ দিয়েছেন শামি, তা নয়। এবার দেখার, শামির যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা কবে হয়।