Archana Kamath: চব্বিশেই হঠাৎ অবসর অলিম্পিয়ান অর্চনার, লক্ষ্য এ বার…
মাত্র ২৪ বছরেই অর্চনার অবসরের খবর ক্রীড়ামহলে শোরগোল ফেলে দিয়েছে। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অর্চনা। কিন্তু দেশকে পদক এনে দিতে পারেননি।

কলকাতা: টেবল টেনিসে নেই উজ্জ্বল ভবিষ্যৎ। শুধু তাই নয়, নেই আর্থিক নিরাপত্তাও। পরের অলিম্পিকে পদক জিততে পারবেন, তার নিশ্চয়তাও নেই। তাই হঠাৎই পেশাদার সার্কিট থেকে অবসর নিলেন অর্চনা কামাথ (Archana Kamath)। মাত্র ২৪ বছরেই অর্চনার অবসরের খবর ক্রীড়ামহলে শোরগোল ফেলে দিয়েছে। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অর্চনা। কিন্তু দেশকে পদক এনে দিতে পারেননি। এ বার অবসরের পথে হাঁটলেন। তাঁর পরের লক্ষ্য কী?
অর্চনা কামাথ নিজের অবসরের কথা তাঁর কোচ অংশুল গর্গকে জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে অংশুল জানিয়েছেন, দেশের টেবল টেনিস প্লেয়ার এ বার আমেরিকা চলে যাবেন পড়াশোনা করার জন্য। অর্চনা তাঁর কোচকে এই প্রশ্নও করেছিলেন, যে পরের অলিম্পিকে টেবল টেনিস থেকে ভারতের পদক জেতার সম্ভবনা কতখানি। ছাত্রীর এমন প্রশ্ন শুনে কী উত্তর দেবেন বুঝতে পারেনি গর্গ। তবে তিনি জানান, এটা খুব কঠিন।
ভারতীয় প্যাডলারের কোচ জানান, অর্চনা যখন একবার মনস্থির করে নিয়েছেন টিটি ছাড়বেন, তখন সেই সিদ্ধান্ত বদলানো কঠিন। তাই টেবল টেনিস ছেড়ে উচ্চশিক্ষার পথে হাঁটাই শ্রেয় মনে করছেন অর্চনা। তাঁর দাদা নাসায় কর্মরত। দাদাই অর্চনার আদর্শ। ভারতীয় তারকা টিটি প্লেয়ার জানিয়েছেন, তাঁর দাদাও তাঁকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন।
অর্চনার বাবা গিরিশ জানান, মেয়ের টিটি ছাড়ার সিদ্ধান্তে তাঁদের কোনও সমস্যা নেই। তাঁরা অর্চনার পাশে রয়েছেন। অলিম্পিয়ান অর্চনার বাবা বলেন, ‘পড়াশোনার সঙ্গে বরাবর ওর যোগ রয়েছে। টিটি কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ও ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করেছিল। আর সম্প্রতি ও ইন্টারন্যাশানাল রিলেশন, স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি নিয়ে মাস্টার্স ডিগ্রি শেষ করেছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে টেবল টেনিস খেলেছে ও। দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছে। এ বার মনে করেছে পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার। দেশকে যা দেওয়ার সেটা ও দিয়েছে। ও যে টেবল টেনিস ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছে, তাতে ওর কোনও অনুশোচনা নেই।’
