Virat Kohli: ‘এখনও বিশ্বকাপ ১ বছর দেরি আছে…’, সচিনের ১৫ হাজারি ক্লাবে ঢুকে বার্তা কোহলির!

IND vs WI: ৩৭৭ ইনিংসে ১৫ হাজার ওডিআই রান পূর্ণ করেছিলেন সচিন। কোহলি সেই মাইলফলক পার করলেন ৩০৩ ইনিংসেই। ১৪ হাজার থেকে ১৫ হাজার রানের মাইলফলকে পৌঁছতে তিনি নিয়েছেন মাত্র ১৬ ইনিংস। এর পাশাপাশি, এটি কোহলির ৫৫তম ওডিআই সেঞ্চুরি।

Virat Kohli: এখনও বিশ্বকাপ ১ বছর দেরি আছে..., সচিনের ১৫ হাজারি ক্লাবে ঢুকে বার্তা কোহলির!
বিরাট কোহলিImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Sep 28, 2026 | 1:32 PM

কেরল : গতকাল তিরুবনন্তপুরমে কোহলি ম্যাজিকে ধরাশায়ী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজদের ২৯৫ রানের জবাবে ৪২ ওভারের মধ্যেই ৩০০ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। ৮৮ বলে ১৩৯ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ১০৮ বলে ১১০ রান করেছেন ক্যাপ্টেন শুভমন গিলও। যদিও এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন বিরাট। তাঁর সামনে এখন একমাত্র সচিন তেন্ডুলকর। ১৮৪২৬ রান করেছেন মাস্টার ব্লাস্টার। বিরাট এই মুহূর্তে ১৫০৮০ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই ১-০ এগিয়ে ভারত।

গতকাল ম্যাচের পর এই মাইলস্টোনের বিষয়ে কোহলিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি কখনওই নিজের রেকর্ড বা মাইলফলক নিয়ে বেশি ভাবিনি। আমার লক্ষ্য ছিল ম্যাচের পরিস্থিতি বুঝে দলের জন্য খেলা। আমি যে এতদিন ধরে খেলতে পেরেছি, এটা সত্যিই গর্বের ও সৌভাগ্যের। এখন আমার মূল লক্ষ্য হল, শারীরিকভাবে ফিট থাকা ও মানসিকভাবে সতেজ থাকা। মাঠে নেমে বর্তমানে ফোকাস করে নিজের সেরাটা দিতে চাই।” একই সঙ্গে নিজের বিষয়েও বললেন কোহলি। তাঁর কথায়, “আমি মাঝেমাঝে ভাবি, কোথা থেকে শুরু করেছিলাম। তাই আমি মনে করি, দেশের হয়ে খেলতে পারা খুব সৌভাগ্যের। হয়ত আমি দেশের হয়ে খেলতেই পারতাম না। তাই আমি পরিশ্রম করতে চাই। আমি এখনও কয়েক দিন এই ফরম্যাট খেলব, এখনও বিশ্বকাপ এক বছর দেরি আছে। আমি জানি আমাকে কী করতে হবে।”

এর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে কোহলির বার্তা, “আমি ছোটদের বলব, নিজের শরীরকে কাজে লাগাও। কঠোর পরিশ্রম করো। মাঠে নামার সময় যেন ম্যাচটাই তোমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট হয়। যদি আমি ১৫০ রানে অপরাজিত থাকি ও আমাকে ১ ওভারে ৪ বার দুই রান নিতে হয়, আমি নেব। আমি কোনও বাহানা দেব না। সেই শিক্ষাটা তোমাকে নিতে হবেই।”

৩৭৭ ইনিংসে ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন সচিন। কোহলি সেই মাইলফলক পার করলেন ৩০৩ ইনিংসেই। ১৪ হাজার থেকে ১৫ হাজার রানের মাইলফলকে পৌঁছতে কোহলি নিয়েছেন মাত্র ১৬ ইনিংস। এর পাশাপাশি, এটি কোহলির ৫৫তম ওডিআই সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ নম্বর সেঞ্চুরিও পেয়ে গেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট সেঞ্চুরি সংখ্যা এখন ৮৬। আর মাত্র ১৪টি সেঞ্চুরি করলেই ১০০ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যাবেন বিরাট।

Loading...
Unable to load recommendations.
Follow Us