NZ vs IND Scorecard: অকল্যান্ডে বিরাট ঝড়, জন্মদিনের আগে দেশবাসীকে ‘রিটার্ন গিফট’ কোহলির

Virat Kohli: আগামীকালই ৩৯ বছরে পা দেবেন বিরাট। তার আগে তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছে, এই বিরাট যেন ৩৯ নয়, ২৩ বছরের তরুণ, যার গোটা শরীর এখনও প্রতিটা রানের জন্য ক্ষিপ্র। যার কাছে প্রধান লক্ষ্য সব চ্যালেঞ্জকে স্টেপ আউট করে গ্যালারিতে ফেলা।

NZ vs IND Scorecard: অকল্যান্ডে বিরাট ঝড়, জন্মদিনের আগে দেশবাসীকে রিটার্ন গিফট কোহলির
বিরাট কোহলিImage Credit source: PTI

|

Nov 04, 2026 | 3:45 PM

অকল্যান্ড: টিম সেইফার্ট কোহলির ক্যাচ ধরতেই টিভি ক্যামেরা ধরল বিরাটের মুখকে। কোথায় কষ্টে থাকার কথা, তা না, হাসছেন কোহলি। নিজের সেঞ্চুরি মিস হয়ে যাওয়ার দুঃখেই কী? অবশ্য, যে মুহূর্তে তিনি আউট হলেন, তখন আর কারও মনেই ভারতের জয় নিয়ে বিন্দুমাত্র শঙ্কা নেই। কিন্তু ভারতের দর্শকরা এই মুহূর্তে একটা জিনিসই চান। কোহলি ও রোহিতের ব্যাট থেকে বড় রান। প্রথমজন একাই নিজের ব্যাটে ঝড় তুললেন। দ্বিতীয়জন রানের খাতাও খুলতে পারলেন না। তবুও, কোহলি ঝড়েই ইডেন পার্কে কিউয়ি বধ করল ভারত। বৃষ্টির মধ্যে খেলা থামলেও ভারতের জয় আসতে কোনও বিপাকই হল না।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত ক্যাপ্টেন শুভমন গিল। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় কিউয়িরা। পঞ্চম ওভারেই আউট হয়ে যান ওপেনার উইল ইয়ং (৯)। টিম সেইফার্ট করেন ৩৮ রান। হেনরি নিকোলাস (৯), টম লাথাম (৩), অধিনায়ক মিচেল স্যান্টনার (৪) ব্যর্থ। ড্যারেল মিচেল (২৮) ও গ্লেন ফিলিপ্স (৩০) বড় রান না করতে পারলে আরও শোচনীয় পরিণতি হত নিউজিল্যান্ডের। ১১ নং ব্যাটার হিসেবে ব্লেয়ার টিকনার (৩৪) পাল্টা লড়াই করেন। শেষ অবধি ভারতীয় বোলারদের বিক্রমে মাত্র ১৮৫ রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪ উইকেট পান অর্শদীপ সিং। ৩টি উইকেট প্রাপ্তি গুরনুর ব্রারের ও ২টি উইকেট প্রাপ্তি অনশুল কম্বোজের।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান রোহিত শর্মা (০)। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। এরপর থেকে পুরোই যেন কোহলি শো। ৫১ বলে ৭৪ করলেন বিরাট। মারলেন ১৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা। বৃষ্টির জন্য ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতের লক্ষ্য কমে দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান। আগামীকালই ৩৯ বছরে পা দেবেন বিরাট। তার আগে তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছে, এই বিরাট যেন ৩৯ নয়, ২৩ বছরের তরুণ, যার গোটা শরীর এখনও প্রতিটা রানের জন্য ক্ষিপ্র। যার কাছে প্রধান লক্ষ্য সব চ্যালেঞ্জকে স্টেপ আউট করে গ্যালারিতে ফেলা। যে বিরাট জানে, তাকে নিয়ে যতবার কথা হবে, যতবার দলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, ততবার তার হয়ে তার ব্যাট বলবে, “নে, দম থাকলে আমাকে দল থেকে বার করে দেখা।” তাই ৩৯ এও একই ক্ষিপ্রতা নিয়ে প্রতিটা রানের জন্য এক কদম বেশি উদ্যমী। তাই সেঞ্চুরির ২৬ রান আগেই থেমে গেলেও মুখে হাসি লেগে থাকে তাঁর।

কোহলিকে আউট করলেন তাঁর আরসিবি দলের সতীর্থ জেকব ডাফি। আবার শ্রেয়স (১৫), অক্ষর (০)- এর উইকেটও তাঁর দখলেই। ৪৯ রানে ৩ উইকেট পেলেন ডাফি। শেষ অবধি ২৩ ওভারের মধ্যেই ১৪৩ রান তুলে দিল ভারত। একই সঙ্গে ৫ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়েও গেলেন গিলরা। তবে আজ কোহলিকে নিয়ে বলতেই হচ্ছে, জন্মদিনের আগে সমর্থকদের জন্য রিটার্ন গিফট দিলেন কোহলি। যার নাম, ‘রান ও রেকর্ড’।

Loading...
Unable to load recommendations.
Follow Us