ISL 2026, Kolkata Derby: আজ ডার্বি যার, ISL তার, ‘হট ফেভারিট’ ইস্টবেঙ্গলকে রুখতে তৈরি ‘আন্ডারডগ’ মোহনবাগান!
Mohun Bagan vs East Bengal : আজকের ম্যাচ নিয়ে উত্তেজনায় ফুটছেন হাজার হাজার সমর্থক। ইতিমধ্যেই প্রায় ৬২ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আজকের ম্যাচে যে দল জিতবে, সেই দলই আইএসএল চ্যাম্পিয়ন। অতীতে ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রেকর্ড খুব খারাপ। ১০ ম্যাচ খেলে ১টি ড্র-সহ ৯ ম্যাচে হেরেছে লাল-হলুদ।

কলকাতা : সে এক দিন ছিল। কলকাতা ডার্বি (Kolkata Derby) হলেই উত্তাপ বাড়ত কলকাতায়। ম্যাচ শুরুর আগে থেকেই অবরুদ্ধ হয়ে যেত যুবভারতী (Vivekananda Yuvabharati Stadium) যাওয়ার রাস্তা। বাড়িতে থাকা সমর্থকেরা বসে পড়তেন টিভির সামনে। যে দল হারত, তারা পরের কয়েকদিন আর প্রতিপক্ষ সমর্থকদের মুখোমুখি হতে পারত না। এ তো গেল অতীতের কথা। বর্তমানে আর কিছুই হয় না। এখন হাতের স্মার্টফোনেই দর্শকরা ম্যাচ দেখে নেন। এখন হারলে আলোচনা চলে হয়ত সর্বোচ্চ কয়েক ঘন্টা। কিন্তু আজ যে ডার্বিতে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান, তার উত্তাপ এখন থেকেই গায়ে লাগতে শুরু করে দিয়েছে সমর্থকদের। সেই উত্তাপে যে ফুটছে দুই দলও, তা শনিবারের সাংবাদিক সম্মেলন থেকেই পরিষ্কার।
এই নিয়ে নিজের তৃতীয় ডার্বি খেলবেন ইস্টবেঙ্গলের রশিদ। তাঁর কথায়,“এই ম্যাচ খেলতে যেকোনও খেলোয়াড়ই তৈরী থাকে। ডার্বি খেলা একটা স্বপ্ন। আগামীকাল সাউলের না থাকা দলকে ভোগাবেই, কিন্তু আমরা নিজেদের লক্ষ্য থেকে নড়ব না। ডার্বির মতো ম্যাচে কখনোই কেউ এগিয়ে বা পিছিয়ে থাকে না। এরকম ম্যাচে যে নার্ভ শক্ত রাখবে, সে জিতবে।” লাল হলুদ কোচ অস্কারও প্রত্যয়ী। তিনি মনে করেন মোহনবাগান যথেষ্ট শক্তিশালী দল, তবে তাঁর দলও ফারাক গড়তে পারে। এই ম্যাচ জিতলেই লিগ খেতাবের আরও কাছে চলে যাবে লাল-হলুদ। তাঁর কথায়,“আমি মনে করছি, সমর্থকরা অনেক গ্লানির মধ্যে দিয়ে গেছেন তবে এবার সেই গ্লানি মেটানোর সময় এসেছে। আমি জানি, সমর্থকরা কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। ওরা (মোহনবাগান) অবশ্যই শক্তিশালী দল। আমরা মাঝে চোটের মোকাবিলা করেও ফিরে এসেছি। আগামীকালের ডার্বিই আমার শেষ ডার্বি। চাই সেই ম্যাচটি স্মরণীয় করে রাখতে।”
এই দল নিয়েও কথা শোনা গেল অস্কারের মুখে। বললেন,“আমি প্রায় দেড়-দুই বছর আগে এই দলে যোগ দিয়েছিলাম। এর পরে দল অনেক পরিবর্তন করেছে। দলে অনেক উন্নতি ঘটেছে। আমি এই ক্লাবকে খুব ভালবাসি এবং আমি মনে করি আমার যাওয়ার পরেও দল ভাল খেলবে কারণ দলের ভবিষ্যৎ উজ্জ্বল।”
আইএসএল জিততে গেলে এই ম্যাচে হারাতেই হবে ইস্টবেঙ্গলকে। এই প্রথমবার ডার্বিতে কোচিং করাবেন বাগান কোচ সের্জিও লোবেরা। তিনি প্রতিপক্ষকে সমীহ করলেন কিন্তু মনে করিয়ে দিলেন যে তাঁর দলও খুব খারাপ অবস্থায় নেই। বাগানের হেডস্যারের কথায়,“আমার মনে হয় আগামীকাল একপ্রকার ফাইনাল। আমরা এমন গেমই খেলতে চাই। এমন সমীকরণে আমরা দাঁড়িয়ে যে কাল জিততেই হবে। আমি তৈরী, আমার দল তৈরী। এই ডার্বিতে আমরা জেতার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাব। আগে যা হওয়ার হয়ে গিয়েছে। আমার দল গোল করার সুযোগ পাচ্ছে কিন্তু এবার এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। কাল জিততে হবে।”
আজকের ম্যাচ নিয়ে উত্তেজনায় ফুটছেন হাজার হাজার সমর্থক। এই ম্যাচ দেখার জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে। ইতিমধ্যেই প্রায় ৬২ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আজকের ম্যাচে যে দল জিতবে, সেই দলই আইএসএল চ্যাম্পিয়ন। অতীতে ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রেকর্ড খুব খারাপ। ১০ ম্যাচ খেলে ১টি ড্র-সহ ৯ ম্যাচে হেরেছে লাল-হলুদ। এই শোচনীয় অতীতই এবার পাল্টাতে চায় অস্কারের ছেলেরা। তবে মোহনবাগান যে বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী ছেড়ে দেবে, তা আশা করা হয়ত ভুল। কারণ, দুই দলের যা অবস্থা, এই প্রথমবার কলকাতা ডার্বিতে ‘হট ফেভারিট’ নয়, সবুজ-মেরুন নামবে ‘আন্ডারডগ’ হিসেবে।
