
সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়, যা এক নিমেষে আপনার মন ভাল করে দিতে পারে। তেমনই একটি ভিডিয়ো (Adorable Viral Video) সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে কয়েকটি কুকুর ছানাকে খেতে দিচ্ছেন এক মহিলা। পাশেই ঘুরছে বাচ্চা কুকুরগুলোর মা। মহিলার চারপাশে ঘুরে ঘুরে সে দেখছে তার সন্তানদের ঠিকমতো যত্ন হচ্ছে কিনা। খানিকক্ষণ এদিক ওদিক দেখে আশ্বস্ত হয়েছে মা কুকুরটি। আর তারপরেই ওই মহিলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মহিলার গা ঘেঁষে মাথা ঘষে সে কী আদর তার। সন্তানদের আদর করেছেন, মা কুকুরই বা বাদ যায় কেন। তার মাথাতেও পরম মমতায় হাত বুলিয়ে আদর করে দিয়েছেন ওই মহিলা। লেজ নেড়ে মাথা ঘষে তখন আরও বেশি করে কৃতজ্ঞতা এবং আনুগত্য প্রকাশ করেছে ওই মা কুকুরটি।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
টুইটারে ভাইরাল হয়েছে এই মিষ্টি ভিডিয়োটি। ৪ লক্ষের বেশি ভিউ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নেটিজ়েনরা ওই মা কুকুরের ধন্যবাদ প্রকাশের কায়দা দেখে বলছেন, সত্যিই ওদের থেকে মানুষের অনেক কিছু শেখার রয়েছে। পশু প্রেমীরা বলছেন, কুকুর হলেও ও তো মা। তাই তার সন্তানের যিনি দেখভাল করেছেন, তাঁকে ঠিক চিনেছে ও। আর সেই জন্যই এত আদুরে ভাব দেখিয়েছে কুকুরটি। ওই মহিলাকে দেখেও বোঝা যাচ্ছে যে তিনি বেশ কুকুর প্রেমী। কারণ কুকুরের বাচ্চাগুলোকে যেভাবে তিনি খেতে দিচ্ছিলেন বা মা কুকুরটিকেও আদর করে দিচ্ছিলেন, তা দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই অভ্যাস তার বহুদিনের। নিয়মিত ভাবেই কুকুরদের যত্নআত্তি করেন তিনি।
নেটিজ়েনদের প্রায় সকলেই বলেছেন, ওই কুকুরটি এত সামান্য ভালবাসা পেয়েও কীভাবে ধন্যবাদ প্রকাশ করেছে ওই মহিলাকে। মনুষ্য জাতির ক্ষেত্রে এমনটা অকল্পনীয়। হাতে গোনা কিছু মানুষ ছাড়া তো কুকুরদের ভালবাসার লোকের সংখ্যাই নগন্য। আর যাঁরা কুকুর প্রেমী, কারণে অকারণে অনেক কটূক্তিই শুনতে হয় তাঁদের। আর কুকুরদের বিশেষ করে পথের কুকুরদের অত্যাচার করার জন্য তো ওৎ পেতে বসেই থাকেন কিছু মানুষ। এইরকম পরিস্থিতিতে টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিয়ো নিঃসন্দেহে আপনার মন ভাল করে দেবে। অজান্তেই এক চিলতে হাসি দেখা দেবে আপনার ঠোঁটের কোণায়।
আরও পড়ুন- Viral Video: ফের ভাইরাল বাদামকাকু, নতুন গান বেঁধে হাজির ভুবন বাদ্যকর, শুনবেন নাকি…
আরও পড়ুন- Viral Video: ‘দ্য ব্যাটম্যান’ দেখতে সিনেমা হলে হাজির আসল বাদুড়! ভিডিয়ো ভাইরাল হতেই হইচই শুরু