Daspur News: খোঁজ ছিল না মহিলার, হঠাৎ বন্ধ ঘর থেকে দুর্গন্ধ…দরজা ভাঙতেই আঁতকে উঠলেন সকলে, দাসপুরে চাঞ্চল্য
Woman Death in Daspur: পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সুজানগর গ্রামে নেপাল চক্রবর্তীর বাড়িতে ভাড়া থাকতেন বছর পঞ্চান্নর চায়না মুখোপাধ্যায়। প্রতিবেশীরা জানান, তাঁর দাদা কমল মুখোপাধ্যায় মাঝেমধ্যেই খাবার নিয়ে দেখা করতে আসতেন। তবে, ইদানিং তিনিও আসছিলেন না বলে অভিযোগ।

দাসপুর: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে (Daspur) এক মহিলার রহস্যমৃত্যু (Woman Death)। তালাবন্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। মৃতার নাম চায়না মুখোপাধ্যায়। জানা গিয়েছে, ভাড়া বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। প্রতিবেশীদের দাবি, বেশ কয়েকদিন ধরে ওই মহিলাকে বাড়ির বাইরে বেরোতে দেখেননি। তারপরই দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে খবর দেওয়া হলে ওই মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কী জানাচ্ছেন প্রতিবেশীরা?
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সুজানগর গ্রামে নেপাল চক্রবর্তীর বাড়িতে ভাড়া থাকতেন বছর পঞ্চান্নর চায়না মুখোপাধ্যায়। প্রতিবেশীরা জানান, তাঁর দাদা কমল মুখোপাধ্যায় মাঝেমধ্যেই খাবার নিয়ে দেখা করতে আসতেন। তবে, ইদানিং তিনিও আসছিলেন না বলে অভিযোগ। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে চায়না মুখোপাধ্যায়কে বাড়ির বাইরে বেরোতেও দেখা যায়নি।
বন্ধ ঘরে বিছানায় পড়ে নিথর দেহ
প্রতিবেশীদের দাবি, কয়েকদিন ধরে দুর্গন্ধ বেরোচ্ছিল। এরপরই বাড়ির মালিককে খবর দেওয়া হয়। আজ সকালে মালিক নেপাল চক্রবর্তী এসে দেখেন, ঘর ভেতর থেকে বন্ধ। সেইসঙ্গে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। ঘরের দরজা ভেঙে ঢোকা হয়। দেখা যায়, বিছানার উপর মহিলার নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ।
মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কবে মৃত্যু হয়েছে, কী কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে। এমনটাই জানিয়েছে পুলিশ। তবে, তদন্ত শুরু হয়েছে। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক নেপাল চক্রবর্তীকে থানায় ডাকা হয়েছে বলে খবর।
