Alipurduar: ডায়ালিসিস না পেয়ে মৃত্যু রোগীর! সামনে এল আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বিপন্নতা
Alipurduar: হাসপাতাল সুপার ডা: পরিতোষ মণ্ডল জানিয়েছেন, মাস খানেক ধরে ডায়ালিসিস মেশিন গুলি খারাপ হয়ে পড়ে রয়েছে। এখানে এটি পিপিপি মডেলে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়। অধিকাংশ মেশিনই পুরনো দিনের। খারাপ হয়ে পড়ে রয়েছে।ইঞ্জিনিয়ররা এসে ডায়ালিসিস মেশিনগুলি সারানোর চেষ্টা করছে।

আলিপুরদুয়ার: ডায়ালিসিস না করতে পেরে মৃত্যু রোগীর! অসমের গোসাইগাঁও, কোকড়াঝাড় ঘুরে কোচবিহার, তাও মেলেনি ডায়ালিসিস। মৃত্যু হয়েছে অনুরাধা তালুকদার বলে এক মহিলার। গত ২৬ ফেব্রুয়ারির এই মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ৫ টি ডায়ালিসিস মেশিনের মধ্যে ৩ টি খারাপ।বিপাকে পড়েছেন রোগীরা। বাকি দুটি মেশিনে পজিটিভ রোগীদের ডায়ালিসিস হয়না ।মাসখানেক ধরে ডায়ালিসিস মেশিন গুলি খারাপ হওয়ায় সমস্যায় পড়েছেন বহু রোগী। ফলে বাধ্য হয়ে গ্যাঁটের টাকা খরচ করে বাইরে থেকে করতে হচ্ছে।
হাসপাতাল সুপার ডা: পরিতোষ মণ্ডল জানিয়েছেন, মাস খানেক ধরে ডায়ালিসিস মেশিন গুলি খারাপ হয়ে পড়ে রয়েছে। এখানে এটি পিপিপি মডেলে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়। অধিকাংশ মেশিনই পুরনো দিনের। খারাপ হয়ে পড়ে রয়েছে।ইঞ্জিনিয়ররা এসে ডায়ালিসিস মেশিনগুলি সারানোর চেষ্টা করছে। কিন্তু পার্টস খারাপ থাকায় তা হয়ে উঠছে না।
এদিকে জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে ২৫ জন রোগী ডায়ালিসিসের জন্য আসেন। স্বাভাবিকভাবেই মেশিন খারাপ হওয়ায় তাঁদের বাইরে থেকে করতে হচ্ছে।এবং তা ব্যয়সাপেক্ষ। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের জন্য ১০ টি নতুন মেশিন বরাদ্দ হয়েছে। সেগুলিও ইনস্টল হচ্ছে না। যদিও ওই সংস্থা বলেছিল ফেব্রুয়ারি শেষ সপ্তাহে মেশিনগুলি ঠিক হয়ে যাবে।
কিন্তু ফেব্রুয়ারি শেষ হলেও তা হয়নি। জল ও বিদ্যুতের কানেকশনই করে উঠতে পারেনি হাসপাতাল। মেশিন খারাপের বিষয়টি স্বীকার করেছেন দায়িত্বে থাকা সেন্টার ইনচার্জ যাদব ঘোষ। তিনি বলেন, “অনেকদিন ধরে ৩ টি মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে। দুটি মেশিন দিয়েই কাজ চালাতে হচ্ছে। ফলে এ নিয়ে খুবই চাপ হচ্ছে।পজিটিভ রোগীদের ডায়ালিসিস হচ্ছে না।”
এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর পরিবার। স্থানীয় এক বাসিন্দা এ নিয়ে বলেন, “আমার এক আত্মীয়কে ডায়ালিসিস করাতে এসে সমস্যা হচ্ছে। ৫ টি মেশিনের মধ্যে ৩ টিই খারাপ। বাকি দুটি দিয়ে যে কতটা পরিষেবা মিলবে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অবিলম্বে স্বাস্থ্য দফতর ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জরুরি ভিত্তিতে দেখা উচিত।”
হাসপাতাল পরিদর্শন শেষে ডায়ালিসিস নিয়ে উদ্বেগ প্রকাশ ও করেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি বলেন, “চেষ্টা হচ্ছে নতুন করে ১০ টি মেশিন যাতে চালু করা যায়। এ নিয়ে তিতিবিরক্ত যুব কংগ্রেস নেত্রী সানিয়া বর্ধনও।”

