
বাঁকুড়া: ইন্দাস থানার ওসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ। সম্প্রতি বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি বাজারে একটি পথসভায় শেখ হামিদের সেই বক্তব্যের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর তাতেই বিতর্ক রাজনৈতিক মহলে। ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।
ভিডিয়োর সত্যতা যাচাই করা না গেলেও সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ওই ব্লক সভাপতিকে স্পষ্টতই থানার ওসিকে নজিরবিহীন ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন। ভিডিয়োতে তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদকে সাম্প্রতিককালে ঘটে যাওয়া তৃণমূল-বিজেপি সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলতে শোনা যাচ্ছে, “আপনি লোক দেখানো চার জনকে গ্রেফতার করে নিঃশব্দে ঘুমিয়ে আছেন। ওসিকে বলব আপনি যদি মনে করেন নির্বাচন কমিশনের কথায় ওঠবোস করবেন তাহলে একমাস পরে যখন বাংলা আমাদের হাতে থাকবে তখন আপনার কোথায় পোস্টিং হবে, আপনি কোথায় থাকবেন তা আপনাকে ঠিক করে নিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, আপনি মানুষ ও সংবিধানের পক্ষে থাকুন”।
এ নিয়ে বিতর্ক শুরু হতেই পাল্টা সাফাই দিয়েছেন ইন্দাসের ওই ব্লক সভাপতি। তিনি বলছেন, কোনও হুঁশিয়ারি তিনি দেননি। তাঁর দাবি, বাংলার পুলিশ নিরপেক্ষ ছিল। কিন্তু এখন পুলিশ নির্বাচন কমিশনের আওতায়। কমিশনের কথাতেই চলছে। তাঁর অভিযোগ, সম্প্রতি ইন্দাস ব্লকে বিজেপি কর্মীরা ৬ বছরের একটি শিশু এবং গ্রামের নিরীহ মহিলাদের আক্রমণ করেছে। সেই ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের পরেও কমিশন ও পুলিশের নাকের ডগায় অভিযুক্তরা বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করে বেড়াচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই তিনি এই বক্তব্য রেখেছেন।
বিজেপি অবশ্য তৃণমূলের ব্লক সভাপতির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছে। সুর চড়িয়েছেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস। বিজেপির দাবি, সারা রাজ্যে তৃণমূলের থ্রেট কালচার চলছে। এক মাস পরে তৃণমূলের এই ব্লক সভাপতি নিজে কোথায় থাকবেন তা ঠিক করুন। কারন, রাজ্যে পালাবদল আসন্ন।