Chandranath Sinha: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা, বোলপুরের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী
ED: গত মাসেই দেখা গিয়েছিল, বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির পাশের কার্যালয়ে হানা দেয় ইডি। একইসঙ্গে অনুব্রত যে কালীপুজো করেন, সেই প্রতিমার বিপুল গয়নার উৎস জানতে স্থানীয় ব্যাঙ্কেও গিয়েছিল ইডির দল। এবার রাজ্যের মন্ত্রীর বাড়িতে পৌঁছল ইডির দল। তবে ঠিক কী কারণে এই হানা, তা এখনও স্পষ্ট নয়।

বোলপুর: রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সাত সকালে ইডির হানা। শুক্রবার সকালে চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে হানা দেয় ইডি। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। গত মাসেই দেখা গিয়েছিল, বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির পাশের কার্যালয়ে হানা দেয় ইডি। একইসঙ্গে অনুব্রত যে কালীপুজো করেন, সেই প্রতিমার বিপুল গয়নার উৎস জানতে স্থানীয় ব্যাঙ্কেও গিয়েছিল ইডির দল। এবার রাজ্যের মন্ত্রীর বাড়িতে পৌঁছল ইডির দল।
অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই জেলার রাজনীতিতে পরিচিত চন্দ্রনাথ সিনহা। অনুব্রত মণ্ডলের পাড়াতেই চন্দ্রনাথ সিনহার বাড়ি। আজ সকালে সেই বাড়িতেই হানা দেয় ইডির টিম। সঙ্গে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। বাড়ির সামনে তো বটেই, বাড়ির চত্বরে যে গলি সেখানেও সকাল থেকে দাঁড়িয়ে বাহিনী।
সূত্রের খবর, গরু পাচার মামলায় ইডির এদিনের অভিযান। এই মামলাতেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচারকাণ্ডে বিপুল টাকার লেনদেন হয়েছে বলে বারবার দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সে মামলারই নতুন মোড় খুঁজতে এদিন চন্দ্রনাথের বাড়িতে ইডির হানা বলে খবর।
