Cooch Behar: বিজেপি প্রার্থীকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, জুতো হাতে চিৎকার; উত্তপ্ত কোচবিহার দক্ষিণ

West Bengal assembly election 2026: এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন। সেইসময় সেখানকার সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক ধরে বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

Cooch Behar: বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান, জুতো হাতে চিৎকার; উত্তপ্ত কোচবিহার দক্ষিণ
বিজেপি প্রার্থীর প্রচারকে ঘিরে উত্তেজনা কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 28, 2026 | 7:52 PM

রিয়া নমদাস

কোচবিহার: নির্বাচনী প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হল। বিজেপির মিছিল যাওয়ার সময় জুতো দেখিয়ে প্রতিবাদও জানানো হয়। ঘটনাকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ায় কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। অন্যদিকে, তৃণমূলের দাবি, এলাকায় উস্কানিমূলক মন্তব্য করায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে বের হন। সেইসময় সেখানকার সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক ধরে বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এরপর বিজেপি প্রার্থী প্রচার করতে বেরলে আবার রাস্তায় তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। জুতো হাতে চিৎকার করতে থাকেন। বিজেপির মিছিল চলে যাওয়ার পর রাস্তা গঙ্গাজল দিয়ে পরিষ্কার করেন বিক্ষোভকারীরা।

বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস

তাঁকে ঘিরে বিক্ষোভ নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে, তৃণমূল নেতা তথা পৌর চেয়ারম্যান দিলীপ সাহা বলেন, “এই এলাকায় প্রায় ৩০০ জনের নাম বাদ গিয়েছে ভোটার তালিকায়। অথচ তাঁরা তিন-চার পুরুষ ধরে এখানে বাস করছেন। এখানে কোনও রোহিঙ্গা, বাংলাদেশি নেই। নাম বাদ নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে। তার উপর এখানে এসে উস্কানিমূলক মন্তব্য করেন বিজেপি নেতারা। সেইজন্য মানুষ সরব হয়েছেন।”

Follow Us