Buxa tiger reserve: একটি ভ্রুণ খেয়ে ফেলেছিল নিজেই, বক্সার বাঘিনীকে ঘিরে এল নতুন তথ্য
এর মধ্যেই গত ৮ নভেম্বর বাঘিনীটির এনক্লোজার থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাও NTCA'র অনুসন্ধানে উঠে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাঘিনীটি মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে পালায়নি। বরং বেষ্টনীর একটি গেটের কাছে তারের বেড়া ও মাটির সংযোগস্থলে ফাঁক ছিল। সেই ফাঁক দিয়েই সে বাইরে বেরিয়ে যায়।

কোচবিহার: বক্সা টাইগার রিজার্ভের (Buxa tiger reserve) বিহার থেকে আনা বাঘিনীকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল। বাঘিনীর গর্ভপাতের পর বেষ্টনীর ভিতর থেকে দুটি ভ্রূণ উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, পরবর্তী সময়ে বাঘিনীর এনক্লোজার থেকে পালিয়ে যাওয়ার ঘটনাতেও নিরাপত্তার গাফিলতির প্রাথমিক ইঙ্গিত মিলেছে। ১৩ নভেম্বর, শুক্রবার, সংবাদমাধ্যমে NTCA-র সদস্য সচিব সঞ্জয় কুমার পাঠকের দেওয়া বক্তব্যে এই তথ্যগুলি সামনে এসেছে।
NTCA-র প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, গত ৭ নভেম্বর বাঘিনীটির বেষ্টনীর ভিতরে দুটি ভ্রূণ পাওয়া যায়। তার মধ্যে একটি ভ্রূণের অধিকাংশ অংশই বাঘিনীটি খেয়ে ফেলেছিল বলে খবর। অন্য ভ্রূণটি উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, ভ্রূণ দুটির বয়স ছিল প্রায় দু’মাস। এই তথ্য বাঘিনীটির গর্ভাবস্থা এবং গর্ভপাতের সময়কাল নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তবে গর্ভপাতের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
এর মধ্যেই গত ৮ নভেম্বর বাঘিনীটির এনক্লোজার থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাও NTCA’র অনুসন্ধানে উঠে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাঘিনীটি মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে পালায়নি। বরং বেষ্টনীর একটি গেটের কাছে তারের বেড়া ও মাটির সংযোগস্থলে ফাঁক ছিল। সেই ফাঁক দিয়েই সে বাইরে বেরিয়ে যায়।
এই ঘটনায় বাঘিনী রাখার জন্য তৈরি এনক্লোজারের নিরাপত্তা ও নির্মাণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। NTCA-র সদস্য সচিব জানিয়েছেন, গোটা বিষয়টি এখনও তথ্য অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।
বাঘিনীর গর্ভপাত, দুটি ভ্রূণ উদ্ধার এবং এনক্লোজার থেকে পালানোর ঘটনা, সব মিলিয়ে বক্সায় বাঘ স্থানান্তর প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
