Dakshin Dinajpur: ১৭৭৬ জনের হাতে অফার লেটার, চাকরির রেকর্ড বাংলার কৌশল মহোৎসবে
Kaushal Mela: চাকরি মেলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের আদিবাসী ও অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, রাষ্ট্রমন্ত্রী জুয়েল মুর্মু, জেলার তিন বিধায়ক, জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, পুলিশ সুপার অভিষেক গুপ্তা, স্কিল ডেভলপমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর ভি এস অরবিন্দ, প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব কুমার সহ প্রশাসনিক আধিকারিকরা।

বালুরঘাট: রোজগার মেলায় নয়া রেকর্ড। বাংলায় প্রথমবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ‘কৌশল মহোৎসব’ বা রোজগার মেলা। আর সেই মেলায় সবথেকে বেশি নিয়োগপত্র বা অফার লেটার দেওয়ার রেকর্ড তৈরি হল বাংলায়। মঙ্গলবার চাকরি মেলা থেকে শিক্ষিত যুবক যুবতীরা তাঁদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সরাসরি বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ পেলেন। ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই হওয়ার পর চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হল অফার লেটার। এছাড়াও বেশ কয়েকজন প্রার্থীকে ‘শর্ট লিস্টেড’ বা বাছাই করা হয়েছে। এদিন বিকেলে অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁদের হাতে নিয়োগ পত্র বা অফার লেটার তুলে দেওয় হয়।
এদিনের চাকরি মেলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের আদিবাসী ও অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, রাষ্ট্রমন্ত্রী জুয়েল মুর্মু, জেলার তিন বিধায়ক, জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, পুলিশ সুপার অভিষেক গুপ্তা, স্কিল ডেভলপমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর ভি এস অরবিন্দ, প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব কুমার সহ প্রশাসনিক আধিকারিকরা।
দক্ষিণ দিনাজপুর জেলায় অনুষ্ঠিত ‘কৌশল মহোৎসব’ মেলায় এদিন বিকেল ৪টে পর্যন্ত ৩ হাজার জন ইন্টারভিউ দিয়েছেন। তার মধ্যে ১ হাজার ৭৭৬ জন যুবক-যুবতী চাকরির নিয়োগপত্র বা অফার লেটার পেয়েছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সংখ্যা অনেক বাড়বে বলেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। সুকান্ত মজুমদার আরও উল্লেখ করেন, এখনও পর্যন্ত সারা দেশে আয়োজিত ১১টি কৌশল মহোৎসবের মধ্যে এটিই সবচেয়ে সফল মেলা। যেখানে সর্বাধিক সংখ্যক চাকরির সুযোগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের ১০টি প্রান্তে ইতিমধ্যেই ‘কৌশল মহোৎসব’ আয়োজিত হয়েছে। এবার বাংলায় প্রথমবারের মতো এই কর্মসূচির আয়োজন করা হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। এই কৌশল মহোৎসবে অংশ নেয় উইপ্রো, টাটা গ্রুপ, অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ দেশের ৫০টিরও বেশি নামী সংস্থা।
