
শিলিগুড়ি: বাংলা জুড়ছে হাইস্পিড রেল করিডোরে। ইতিমধ্যেই বড় ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হচ্ছে এই হাইস্পিড রেল করিডর। তাহলে কী এবার বাংলার বুক চিরে ছুটবে বুলেট ট্রেন? জল্পনা পুরোদমে। তবে ঘোষণার কথা সামনে আসতেই শিলিগুড়িতে যাত্রীদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাসের ছবি দেখা গেল। শোনা মাত্রই এক যাত্রী বললেন, “হেব্বি লাগছে। খুবই ভাল ঘোষণা। ইতিমধ্যেই অসম থেকে কলকাতা পর্যন্ত বন্দে ভারত স্লিপার চলছে। এবার আরও হাইস্পিড ট্রেন পাওয়া গেলে খুবই ভাল হয়।” পাশে দাঁড়িয়ে ওই এলাকারই আর এক বাসিন্দা বললেন, “বেনারসের সঙ্গে জুড়ে যাওয়া মানে তো সেন্ট্রাল কানেকশন আরও ভাল হবে। খুবই ভাল খবর এটা।” ভিন রাজ্য থেকে এ রাজ্যে ঘুরতে আসা এক পর্যটক বললেন, সরকার এটা খুবই ভাল উদ্যোগ নিয়েছে। এতে আরও কম সময়ে আমরা বারাণসী চলে যেতে পারব। খুব ভাল লাগছে শুনে।
এদিন সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী বলেন, “আমি ৭টি হাইস্পিড রেলকরিডর তৈরি প্রস্তাব জানাচ্ছি। যার মধ্যে দিয়ে জুড়ে দেওয়া হবে পশ্চিম থেকে পূর্ব ভারত পর্যন্ত।” তালিকায় থাকছে মুম্বই থেকে পুনে, পুনে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু, বেঙ্গালুরু থেকে বারাণসী হাইস্পিড করিডর। তারপরই বারাণসী থেকে জুড়ছে শিলিগুড়ি।
শুধু ফ্রেট করিডরই নয়। এদিন দুর্গাপুরে শিল্প করিডর তৈরির ঘোষণাও করেন তিনি। তা যুক্ত হবে উত্তর-পূর্ব শিল্প করিডরের সঙ্গে। এ ঘোষণায় স্বভবতই খুশি দুর্গাপুরবাসী। তবে ঘোষণা হলেও বাস্তবায়িত হতে কতদিন লাগে এখন সেটাই দেখার।