Durga Idol: ফ্রম শিলিগুড়ি টু সাউথ কোরিয়া! ‘দুগ্গা দুগ্গা’ বলে রওনা দিচ্ছেন মা দুর্গা
Siliguri Durga Idol: ছোট থেকেই প্রতিমা গড়েন শিলিগুড়ির হাকিম পাড়ার সঞ্জীব সাহা। এবার প্রথমবার ফাইবারের প্রতিমা বানিয়েছেন তিনি। ৬৫ কিলোগ্রাম ওজন ও চার ফিট উচ্চতার এই প্রতিমার বরাত দিয়েছিল বুসান সিটির নাগরিক সমাজ।

শিলিগুড়ি: বাঙালির ভিতর থেকে বাঙালিয়ানা কখনও উপড়ে ফেলা যায় না। আর বাঙালি মানেই তো দুর্গাপুজো। রাজ্য বা দেশের বাইরে থাকলেও, অনেক বাঙালিই বিদেশে দুর্গাপুজো করেন। লন্ডন, নিউ ইয়র্কে দুর্গা পুজোর ছবি দেখা যায় প্রতি বছর। এবার সুদূর দক্ষিণ কোরিয়াতেও হবে দুর্গাপুজো। তাও আবার মূর্তি যাবে এই বাংলার বুক থেকেই!
এতদিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে পূজার জন্যে ফাইবারের প্রতিমা যেত কলকাতা থেকে। কিন্তু সেই বাজারে এবার ভাগ বসাচ্ছে শিলিগুড়ি। ফাইবারের তৈরি এই দুর্গা প্রতিমা যাবে সুদূর দক্ষিণ কোরিয়ার বুসান সিটিতে।
ছোট থেকেই প্রতিমা গড়েন শিলিগুড়ির হাকিম পাড়ার সঞ্জীব সাহা। এবার প্রথমবার ফাইবারের প্রতিমা বানিয়েছেন তিনি। ৬৫ কিলোগ্রাম ওজন ও চার ফিট উচ্চতার এই প্রতিমার বরাত দিয়েছিল বুসান সিটির নাগরিক সমাজ। দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় বড় শহর বুসান সিটি। এখানেই জাহাজে চেপে পাড়ি দেবে ফাইবারের দুর্গা প্রতিমা।
একদিকে আনন্দ হলেও, অন্যদিকে মন খারাপ প্রতিমা শিল্পীর। তাঁর কথায়, “সাড়ে তিন মাস ধরে মা দুর্গাকে তৈরি করেছি। আমার সন্তানের মতো এই প্রতিমা। মন খারাপ কারণ আর দেখা হবে এই প্রতিমার সঙ্গে। তবে ভালোলাগাও আছে। কলকাতার কুমারটুলির সঙ্গে পাল্লা দিয়েই এবার আমিও প্রথমবার পৃথিবীর অন্য এক দেশে এই প্রতিমা পাঠাচ্ছি।”
শিল্পী জানিয়েছেন, জাহাজে চেপে দুর্গা প্রতিমা পাঠানো হবে। দেড় মাস সময় লাগবে দক্ষিণ কোরিয়ায় প্রতিমা পৌঁছাতে।
