
কলকাতা : এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ। অফলাইনে প্রকাশিত হয়েছে তালিকা। ডিএম, বিডিও অফিসে চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে। ব্লকে ব্লকে বিএলও-দের হাতে তুলে দেওয়া হচ্ছে চূড়ান্ত তালিকা। সেই তালিকা সংগ্রহ করে বুথের উদ্দেশে রওনা দিচ্ছেন বিএলওরা। আর কিছুক্ষণের মধ্যে তালিকা দেখতে পাবেন রাজ্যবাসী। অনলাইন-অফলাইন দুই পদ্ধতিতেই তালিকা দেখা যাবে। আপাতত অফলাইনে তালিকা প্রকাশিত হয়েছে। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ভোটার তালিকা। নন্দীগ্রাম থেকে ঠাকুরনগর… সর্বত্র একই ছবি। বুথগুলিতে লিস্ট ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তারপরই আপনারা বুথে গিয়ে দেখতে পাবেন তালিকায় নাম আছে কি না। অফলাইনে তালিকা প্রকাশ্যে আসতেই কোথায়, কত নাম বাদ গেল, সেই নিয়ে উদ্বেগ বেড়েছে রাজ্যবাসীর মনে। কোনও বুথের বিএলও বলছেন নাম বাদ যায়নি, কোথাও আবার বিএলও-র অভিযোগ, তাঁর নিজের নামই বাদ গিয়েছে।
জেলায় জেলায় বুথগুলিতে কী পরিস্থিতি দেখে নেওয়া যাক
পূর্ব মেদিনীপুর
নন্দীগ্রাম
চড়কেন্দ্রমারির বুথের বিএলও জানিয়েছেন, তিনি যে তালিকা হাতে পেয়েছেন, তাতে ভয়ের কোনও কারণ নেই। তাঁর বুথে ৯৫৩ জন ভোটার রয়েছে। খসড়া তালিকা যেভাবে এসেছিল, সেভাবেই চূড়ান্ত তালিকা হাতে পেয়েছেন তিনি। তাই আশঙ্কার কোনও কারণ নেই। আবার ২১৯ নং বুথের বিএলও বলছেন, কিছু নাম বাদ গিয়েছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সবার নামই রয়েছে চূড়ান্ত তালিকায়। অন্যদিকে, নন্দীগ্রামের এক ব্লকের বিএলও-র অভিযোগ, তাঁর নিজের নামই বাদ গিয়েছে। অর্থাৎ মীমাংসিতের তালিকায় নেই তাঁর নাম। অমীমাংসিতের তালিকায় নাম রয়েছে। বিচারাধীন রয়েছে তাঁর নাম। তাঁর অভিযোগ, ২৭ বছর ধরে চাকরি করছেন। সব নথিও রয়েছে। বানানেও কোনও ভুল নেই। পাসপোর্টও আছে। কিন্তু, কেন নাম বিচারাধীন হল, সেটাই বুঝতে পারছেন না তিনি।
বাঁকুড়া
বাঁকুড়াতেও বুথে বুথে ঝুলিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকা। জেলা প্রশাসন সূত্রে খবর, চূড়ান্ত তালিকায় বাঁকুড়া জেলায় নতুন করে আপাতত বাদ পড়েছে ৩ হাজার ৩০০ জনের নাম। খসড়া তালিকায় ১ লাখ ৩২ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল। সেক্ষেত্রে সব মিলিয়ে ১ লাখ৩৫ হাজার ৩০০ জনের নাম বাদ পড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। বাঁকুড়ায় ৭০ নং বুথেই বাদ গিয়েছে ৩ জনের নাম। আর অমীমাংসিতের তালিকায় হয়েছে ৩৯ হাজারের নাম।
উত্তর ২৪ পরগনা
বিধাননগর
বিধাননগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৩১ হাজার ১৬৯ জনের নাম। প্রাথমিক রিপোর্টে বাদ পড়েছে ৯৭১ জনের নাম।
ঠাকুরনগর
সবথেকে বেশি নাম আনম্যাপড হয়েছিল ঠাকুরনগরে। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় ৩০ হাজারের মতো নাম বাদ গিয়েছে। আতঙ্কে রয়েছেন ঠাকুরনগরের বাসিন্দারা।
কলকাতা
উত্তর কলকাতা
কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতায় এখনও পর্যন্ত ৪ লাখ ৭ হাজার নাম বাদ গিয়েছে। খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৩ লাখ ৯০ হাজারের নাম। চূড়ান্ত তালিকায় নতুন করে বাদ গিয়েছে ১৭ হাজার নাম। অমীমাংসিতের তালিকায় নাম রয়েছে ৪০ হাজারের।
দক্ষিণ কলকাতা
খসড়া তালিকায় নাম ছিল ৬ লাখ ৯১ হাজার ৩০৬ জনের। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৯৯ জনের। অমীমাংসিতের তালিকায় রয়েছে ৭৮ হাজার ৬৫৭ জনের নাম।
মুর্শিদাবাদ
অমীমাংসিতের তালিকায় রয়েছে প্রায় ৬ লাখের নাম। চূড়ান্ত তালিকায় কত নাম বাদ গিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি।
উত্তর ২৪ পরগনা
উত্তর ২৪ পরগনায় অমীমাংসিতের তালিকায় রয়েছে ৫ লাখ ৯০ হাজারের নাম।
দক্ষিণ ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনায় প্রচুর নাম বাদ গিয়েছে। জেলায় প্রায় ৮৫ লাখ ভোটারের মধ্যে খসড়া তালিকায় উঠেছিল ৭৭ লাখ ৭৬ হাজার ২৭৬ ভোটারের নাম । নতুন করে চূড়ান্ত তালিকায় আরও ৫০ হাজার নাম বাদ গিয়েছে। বিচারাধীন ভোটারের সংখ্যা প্রায় পাঁচ লাখ।
ডায়মন্ড হারবার মহকুমায় বাতিল ভোটারের সংখ্যা ১ হাজার ৩১ জনের। বিচারাধীন ভোটারের সংখ্যা প্রায় ১ লাখ ১৮ হাজার । কাকদ্বীপ মহকুমায় বাতিল ভোটারের সংখ্যা ৭ হাজার ৭১৪ । বিচারাধীন ভোটারের সংখ্যা ২০ হাজার ৪৫০ জন।
পশ্চিম মেদিনীপুর
অমীমাংসিতের তালিকায় নাম রয়েছে প্রায় ১ লাখ।
নদিয়া
নদিয়া জেলায় নাম বাদ পড়েছে ২ লাখ ৭৬ হাজার ৬২৩ জনের । নতুন করে ৬০ হাজার নাম বাদ গিয়েছে। অমীমাংসিতের তালিকায় ২ লাখ ৩০ হাজারের নাম রয়েছে।
অন্যদিকে, এখনও পর্যন্ত অনলাইনে এখনও পর্যন্ত তালিকা প্রকাশিত হয়নি। অনলাইনে তালিকা প্রকাশিত হলে, দু’টি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন রাজ্যবাসী। জানা গিয়েছে, অনলাইনে তালিকা প্রকাশিত হতে দুপুর গড়িয়ে যেতে পারে বলে খবর।