
আরামবাগ: নির্বাচনী প্রচারে আরামবাগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার দুপুরে প্রখর রোদের মধ্যে তিনি আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে রোড শো করলেন। আরামবাগের দৌলতপুর পার্টি অফিসের সামনে থেকে এই রোড শো শুরু হয়। গোটা আরামবাগ শহর জুড়ে রোড শো চলে। শেষ হয় আরামবাগ শহরের অপর প্রান্ত গৌরহাটির মোড় পর্যন্ত। প্রখর রোদকে উপেক্ষা করেই বহু বিজেপি কর্মী ও সমর্থক এই মিছিলে যোগদান করেন। আর সেই রোড শো থেকেই হিমন্ত দাবি করেন, এবার বাংলায় ডবল সেঞ্চুরি করবে বিজেপি।
কী বললেন হিমন্ত বিশ্বশর্মা?
সুসজ্জিত গাড়িতে করে রোড শো করার সময় তৃণমূলকে নিশানা করে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “আমি বলছি, অসমে আমরা সেঞ্চুরি করব আর এই বাংলায় হবে ডবল সেঞ্চুরি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, জিতেগা ভাই জিতেগা, বিজেপি জিতেগা।” প্রসঙ্গত, অসমে বিধানসভায় ১২৬টি আসন রয়েছে। গত ৯ এপ্রিল ভোট হয়েছে সে রাজ্যে।
এদিন ভোট প্রচারে হুমায়ুন কবীরকেও নিশানা করেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি বাংলায় এসেছি। আমাকে সবাই বলছেন, এই বাংলায় একজন হুমায়ুন আছেন। হুমায়ুন বলছেন, আমি বাবরি মসজিদ করব। তাঁর বাপের জমি নাকি? যদি অসমে হুমায়ুন কবীর হতেন, তাহলে তাঁ হাড় গোড় আস্ত থাকত না।”
অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে হিমন্ত বলেন, “দিদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছেন। কেন? ওরা বলছে, ভোট দেব। কেন ভোট দিচ্ছে? ওরা বলছে, রেশন কার্ড হবে। আধার কার্ড হবে। মানে বাংলাদেশি মুসলমানরা তৃণমূলের হয়ে কাজ করবে। অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। বিজেপি লাথি মেরে তাড়াবে মুসলমান অনুপ্রবেশকারীদের।তৃণমূলের গুন্ডারা কিছুই জানে না। পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডাগিরি করছে। এই গুন্ডাদের আমরা ওয়াশিং মেশিনে ধোলাই করব।ভয় পাবেন না। পরিবর্তন হবে।”
বাংলায় প্রথম দফায় নির্বাচনে বিজেপি ১১০টির বেশি আসন পাবে বলে দাবি করেন তিনি। বলেন, “বিজেপি আসবেই। জেতার পরে মাংসের তরকারি। আর মাছের ঝোল হবে আরামবাগের মাছ আর অসমের মাছ। দিদি আপনার জমানা শেষ, বিজেপির শুরু।”