
হুগলি: ‘আমার লড়াই আমার সঙ্গে, ৪২ হাজার ছিল, এবার সেই ব্যবধান বাড়াব।’ মনোনয়ন জমা দিয়ে বললেন ধনিয়াখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্র। বৃহস্পতিবার ধনিয়াখালি থেকে বাইক ও চার চাকা গাড়িতে মিছিল করে চুঁচুড়া ঘড়ির মোড়ে যান অসীমা। সেখান থেকে ধামসা মাদল নিয়ে মিছিল করে জেলাশাসক দফতরে মনোনয়ন জমা দিতে যান ধনিয়াখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্র। যুব দফতরের আধিকারীক মৌলি সান্যালের কাছে মনোনয়ন জমা দেন।
ধনিয়াখালি থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছেন অসীমা। ২০১১ থেকে ২০২১ সাল। কয়েক বছর মন্ত্রীর দায়িত্ব সামলান। ২০২১ সালে ৩০ হাজার ভোটে জিতেছিলেন অসীমা পাত্র। ২০২৪ সালে ধনিয়াখালি থেকে ৪২ হাজার ভোটে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের থেকে এগিয়ে ছিলেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়।
এবার সেই ব্যবধান বাড়ানোর লড়াই। তাই অসীমা পাত্র বলেন, “আমার লড়াই আমার সঙ্গে।বিজেপি আর নির্বাচন কমিশন একদিকে আর অন্যদিকে রাজ্যের মানুষ।জবাব দেবে ভোট বাক্সে।”
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন অসীমা। কখনও বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দেন, কখনও আবার কমিশনকে তোপ দাগতে গিয়ে বিজেপির উদ্দেশেই বলেন, “একজন বিজেপি কর্মীও ধনিয়াখালিতে থাকতে পারবেন না।” সেই অসীমাকেই এবার প্রার্থী করেছে তৃণমূল। বিরোধী পক্ষের প্রার্থীকে কার্যত তোয়াক্কাই করতে চাননি তিনি।