Chandannagar: সূর্য মোদকের সেই জলভরা পেল বড় স্বীকৃতি, শিরোনামে চন্দননগর
Chandannagar: দীর্ঘ প্রতীক্ষা ও আইনি লড়াইয়ের পর এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত মিষ্টির কারিগর থেকে বিক্রেতারা। আগামিদিনে এই মিষ্টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনার করার দাবি জানানো হচ্ছে। টলটলে রসে ভরা বিশাল আকৃতির এই সন্দেশের সুনাম রয়েছে দেশ জুড়ে।

হুগলি: কথিত আছে জামাইষষ্ঠীতে জামাই ঠকানোর জন্য প্রথম জলভরা সন্দেশ বানিয়েছিলেন সূর্য মোদক। পরে সেই মিষ্টি ছড়িয়ে যায় চন্দননগরের (Chandannagar) দোকানে দোকানে। দিনের পর দিন বেড়েছে চাহিদা। যুক্ত হয়েছে নতুন নতুন ফ্লেভার। এবার সেই জলভরা পেল নয়া স্বীকৃতি। হুগলি (Hooghly) জেলার মুকুটে জুড়ল নয়া পালক। জিআই স্বীকৃতি (GI Tag) পেল চন্দননগরের জলভরা। সম্প্রতি তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছিল চন্দননগরের সেই জলভরা।
দীর্ঘ প্রতীক্ষা ও আইনি লড়াইয়ের পর এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত মিষ্টির কারিগর থেকে বিক্রেতারা। আগামিদিনে এই মিষ্টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনার করার দাবি জানানো হচ্ছে। টলটলে রসে ভরা বিশাল আকৃতির এই সন্দেশের সুনাম রয়েছে দেশ জুড়ে। চলতি মাসে তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবসে’র অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে চন্দননগরের জলভরা সন্দেশ উপহার দেওয়া হয়।
চন্দননগরের মিষ্টান্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও জলভরা সন্দেশের জনক সূর্য মোদকের উত্তরসূরী শৈবাল মোদক বলেন, “চন্দননগরের জলভরা সন্দেশের সর্বভারতীয় স্তরে একটা সুনাম রয়েছে। চন্দননগরের জলভরা আন্তর্জাতিক বাজারে ব্যবসার জন্য জি আই ট্যাগ পাওয়া প্রয়োজন ছিল। জলভরা সন্দেশ জি আই পাওয়াতে আমরা খুবই আনন্দিত।”
২০২২ সালে সেপ্টেম্বর মাসে তাঁরা জিআই-এর জন্য আবেদন করেছিলাম। দীর্ঘ চার বছর বাদে এই স্বীকৃতি মিলেছে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে এই মিষ্টি পরীক্ষা করা হয়েছে। সূর্য মোদকের জলভরা এখন থেকে চন্দননগরের জলভরা হিসেবেই পরিচিতি পাবে। শৈবাল আরও বলেন, “চন্দননগরে সূর্য মোদকের একটা মূর্তি স্থাপন করার জন্য বিধায়কের কাছে আবেদন জানিয়েছি। আন্তর্জাতিক বাজারে জলভরার প্রসার ঘটাতে গেলে মিষ্টির মেয়াদ বাড়াতে হবে। এর জন্য সরকারকে উদ্যোগ নিয়ে রিসার্চ করতে হবে। তবেই জলভরা বিদেশের বাজারে মর্যাদা পাবে। ব্যবসার দিক খুলবে।”
