Shoaib Akhtar: শোয়েব আখতারের জঙ্গি যোগ! দাদার শেষকৃত্যে দেখা গেল ভারতের শত্রুদের
Pakistan Terror Link: লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সইফুল্লাহ কসুরী ছাড়াও পাকিস্তান মারকাজি মুসলিম লিগের প্রেসিডেন্ট ইনাম-উর-রহমানও উপস্থিত ছিলেন। এই কসুরী সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে ভারতে আবার ২৬/১১-র কায়দায় হামলা করা হবে। এবারও সমুদ্র রুট দিয়ে হামলা করা হবে।

ইসলামাবাদ: পাকিস্তানের (Pakistan) রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে সন্ত্রাসবাদের (Terror) শিকড়! এবার প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের (Shoaib Akhtar) দাদার শেষকৃত্যে দেখা গেল লস্কর-ই-তৈবার জঙ্গিদের (Lashkar-e-Taiba Terrorists)। লস্করের ডেপুটি চিফ সইফুল্লাহ কসুরী, যে প্রায়সই ভারতের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করে, তাঁকেও দেখা গিয়েছে শোয়েব আখতারের দাদা, শাহিদ আখতারের শেষকৃত্যে।
গত ২৪ জুন মারা যান শোয়েবের দাদা। ইসলামাবাদে তাঁর শেষকৃত্য হয়। সেখানের ভিডিয়ো ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে সবার। ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ে ২৬/১১ হামলা থেকে শুরু করে পহেলগাঁওয়ের নৃশংস হত্যালীলার পিছনে যে জঙ্গি সংগঠনের হাত, সেই লস্কর-ই-তৈবার একাধিক শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন শাহিদের শেষকৃত্যে।
লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সইফুল্লাহ কসুরী ছাড়াও পাকিস্তান মারকাজি মুসলিম লিগের প্রেসিডেন্ট ইনাম-উর-রহমানও উপস্থিত ছিলেন। এই কসুরী সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে ভারতে আবার ২৬/১১-র কায়দায় হামলা করা হবে। এবারও সমুদ্র রুট দিয়ে হামলা করা হবে।
তাদের এই উপস্থিতি ফের একবার পাকিস্তানের সন্ত্রাসবাদে প্রত্যক্ষ ও পরোক্ষ মদত-কেই প্রমাণ করছে। ভারত বারবার পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা সন্ত্রাসবাদে মদত দেয়। পাকিস্তান তা অস্বীকার করলেও, ফের একবার প্রমাণ মিলল যে বাস্তবটা অন্যই।
প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের ঘোষিত জঙ্গি হাফিজ সইদ, যিনি ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড ছিলেন, তিনিই এই পাকিস্তান মারকাজি মুসলিম লিগ তৈরি করেছিলেন। ২০২৪ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনেও লড়েছিল এই দল।
