
হুগলি: বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কাউন্সিলের জড়িয়ে ধরা ছবি ভাইরাল! ভোটের মুখে গুঞ্জন চুঁচুড়ায়।চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ কামারপাড়ায় ভোট প্রচারে বেরিয়েছিলেন। চুঁচুড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিব্যেন্দু অধিকারীর অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। কামারপাড়ায় তৃণমূল অফিসে দিব্যেন্দুকে দেখতে পেয়ে সুবীর নাগ ঢুকে পড়েন। দুজনে সৌজন্য বিনিময় করেন।
দিব্যেন্দু অসিত মজুমদারের অনুগামী বলে পরিচিত। অসিত মজুমদারকে টিকিট দেয়নি দল। দিব্যেন্দুর সঙ্গে সুবীর নাগের সৌজন্য সাক্ষাৎ এবং সেই ছবি সুবীর ফেসবুকে পোস্ট করেন, দিব্যেন্দু সেই পোস্ট শেয়ার করে, যা ঘিরে জল্পনা তৈরি হয়।
যদিও সুবীর নাগ বলেন, “দিব্যেন্দু আমার পুরনো বন্ধু। আমার রাজনীতির বাইরেও অনেক বন্ধু আছে।আমি সবার থেকে ভালোবাসা আশীর্বাদ চাই। হয়তো অনেকেই রাজনৈতিকভাবে মিছিল মিটিংয়ে বেরিয়ে সমর্থন করতে পারবে না। আমার অনেক বন্ধু আছে কেউ স্কুলে পড়েছে কলেজে পড়েছে তাদের কাছে আমি নিছকই বন্ধু কে কোন দল করে সেটা বড় কথা নয়।বন্ধুরা চাইবে বন্ধু জিতুক।”
দিব্যেন্দু অধিকারী বলেন, “বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়েছিলেন। আমার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন সেখানে দেখা হয়েছে। এটা সৌজন্য সাক্ষাৎ। আজকে নয় উনি যখন প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন তখনো দেখা হয়েছিল।রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু উনি আমার বন্ধু ভোটে দাঁড়িয়েছেন তাই ওনাকে শুভেচ্ছা জানিয়েছি।”