
হুগলি : ভোট বড় বালাই। নির্বাচনী প্রচারে গিয়ে কেউ রান্না করছেন, কেউ কাঁচা মাছ নিয়ে ঘুরছেন। প্রচারে নজর কাড়তে অভিনব পন্থা অবলম্বন করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেই অভিনবত্ব আনতে গিয়ে কি এবার বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী? উত্তরপাড়ার প্রার্থী তিনি। ভোটপ্রচারে তাঁর পোশাককে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর নির্বাচনী পোশাক নিয়ে সরব হয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তারা। পাল্টা তৃণমূলকে জবাবে ধোনির উদাহরণ দিয়েছেন তিনি।
ঠিক কী ঘটেছে ?
উত্তরপাড়ায় জোরকদমে প্রচার করছেন দীপাঞ্জন চক্রবর্তী। প্রচারের সময় দেখা যায়, কালো রঙের একটি ট্র্যাকসুট পরেছেন তিনি। আর তাতে লেখা, এনএসজি। এখানেই আপত্তি তৃণমূলের। জাতীয় নিরাপত্তা বাহিনীর পোশাক ব্যবহার করে নির্বাচনী প্রচার করা যায় কিনা সেই নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। শুধু তাই নয়, এনএসজিতে থাকাকালীন একাধিক এনকাউন্টারের উল্লেখ করে প্রচার করছেন দীপাঞ্জন চক্রবর্তী। এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের আরও অভিযোগ, এভাবে ভোটারকে প্রাভাবিত করছেন বিজেপি প্রার্থী। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে।
এই বিষয়ে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন,”আমরা অভিযোগ করব। উনি এগুলো করে প্রমাণ করে দিচ্ছেন আমরা যে অভিযোগটা করছিলাম, সেটা ঠিক। এজেন্সিকে ব্যবহার করে বিজেপি। ওদের নিজেদের কোনও সংগঠন নেই। এতদিন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স নিয়ে প্রভাবিত করত। এখন নির্বাচন কমিশনকে নিয়ে এসেছে। আবার এনএসজি নিয়ে এসেছে।” তিনি জানান, প্রচারে বেরিয়ে তাঁর সঙ্গে প্রাক্তন সেনা কর্মীদের দেখা হয়েছে। তাঁরা এই ঘটনায় বীতশ্রদ্ধ, অসন্তুষ্ট।
বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী বলেন,”উনি তো আইনজীবী। আইনানুগ ব্যবস্থা নিন। জবাব দেব। সমস্যা হচ্ছে ওনার পরিবারের কেউ তো ইউনিফর্ম পড়েননি। উনি জানেন না ওটা এনএসজির ইউনিফর্ম নয়। এনএসজির ট্র্যাকসুট। ট্র্যাকসুট যে কেউ পড়তে পারে। মহেন্দ্র সিং ধোনিও পরেছেন। বলুন আইনের ব্যবস্থা নিতে জবাব দিয়ে দেব।”