Indian Farmer Abducted in Bangladesh: বাংলাদেশ ছাড়ছে না! দুই রাত পরও বাড়ি ফেরেনি অপহৃত ভারতীয়, ক্ষোভ BSF-র বিরুদ্ধে, উঠল বড় দাবি
Indian Kidnapped by Bangladesh: ৪৮ ঘণ্টা পার। এখনও ভারতে ফিরল না অপহৃত কৃষক (Kidnapped Indian Farmer)। রবিবার সন্ধ্যায় চাউল হাটি বিএসএফ (BSF) ক্যাম্পে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়েন রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকারও। বিক্ষোভ সামাল দিতে আসে রাজগঞ্জ ও কোতোয়ালি থানার পুলিশ।

জলপাইগুড়ি: ৪৮ ঘণ্টা পার। এখনও ভারতে ফিরল না অপহৃত কৃষক (Kidnapped Indian Farmer)। তাঁকে পণবন্দি বানিয়ে রেখেছে বাংলাদেশি (Bangladeshi) দুষ্কৃতীরা। অপহৃত ওই ভারতীয়কে দেশে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হস্তক্ষেপের দাবি করল অপহৃতের বাবা ও গ্রামবাসীরা।
শনিবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুর জান এলাকায় ঢুকে দীপঙ্কর গোপ নামে এক চা চাষিকে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীদের দল। সম্প্রতিই বিএসএফ চোরাচালানের চেষ্টা রুখে দিয়েছিল। আটক করা হয় এক বাংলাদেশিকে। তার বদলা নিতেই এই কৃষককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।
এদিকে, উদ্বেগে রাত কাটছে পরিবারের। রবিবার সন্ধ্যায় চাউল হাটি বিএসএফ (BSF) ক্যাম্পে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়েন রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকারও। বিক্ষোভ সামাল দিতে আসে রাজগঞ্জ ও কোতোয়ালি থানার পুলিশ।
এবার পরিবারের দাবি, প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ করুন, তবু ফিরিয়ে আনা হোক দীপঙ্করকে। প্রয়োজনে জেল হেফাজতে থাকা ওই বাংলাদেশিকে তাঁর দেশে ফিরিয়ে দিক ভারত সরকার, এমনটাই দাবি উঠল জলপাইগুড়ি জেলার চাউল হাটি সীমান্তে। সীমান্তবাসীরা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক।
ফ্ল্যাগ মিটিংয়ের পর তাঁর স্বামীকে ছেড়ে দেবে বাংলাদেশিরা। এই আশায় শ্বশুর ও দুই ছেলেকে নিয়ে ২৮ নং সীমান্ত গেটের কাছে গিয়ে অপেক্ষা করতে থাকেন অপহৃতের স্ত্রী মহামায়া গোপ। কিন্তু বৈঠক শেষে খালি হাতে ফেরেন বিএসএফ (BSF) কর্তারা। জানতে পারেন, মুক্তিপণ না পেলে ছাড়া হবে না তাঁর স্বামীকে। এই কথা জানার পরই সংজ্ঞা হারান মহামায়া দেবী।
শনিবার অপহৃত হওয়া দীপঙ্কর গোপকে দেশে ফেরাতে গেলে, গত ৬ আগষ্ট চাউল হাটি সীমান্তে গ্রেফতার হওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত দিতে হবে। এই কঠিন শর্ত চাপিয়েছে বাংলাদেশ। এই বিষয়ে গত শনিবার থেকে বিজিবি কর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন বিএসএফ আধিকারিকরা। কিন্তু সব চেষ্টা বৃথা হয়।
এই পরিস্থিতিতে বিএসএফের উপরে আস্থা হারিয়েছে অপহৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। তারা বিএসএফের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। অভিযোগ, কাঁটাতারের বেড়া পেরিয়ে তারা যখন চাষবাস করতে যায়, তখন ওই এলাকার জিরো লাইন বরাবর আগে বিএসএফ টহল দিত। ইদানিং তা বন্ধ করে দিয়েছে। এতেই বাংলাদেশিদের দৌরাত্ম্য বেড়েছে। ওই এলাকায় বিএসএফের টহল পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুর যান গ্রামপঞ্চায়েতের চাউল হাটি সীমান্ত বাসী দের এই দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে, স্বরাষ্ট্র দফতরে এই বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার।
