BJP candidate Rajganj controversy: বিজেপি প্রার্থীর মাথায় তৃণমূলের দাপুটে নেতার হাত, নিছক সৌজন্য? ভোটের মুখে তুঙ্গে তরজা

WB Election 2026: যদিও ললিত রায় স্পষ্টতই বলছেন, হারাধন সরকার তাঁর বহুদিনের পরিচিত বন্ধু। দোকানে দেখা হওয়ায় তিনি আশীর্বাদ করেছেন। তবে তিনি তৃণমূল করেন, ভোট বিজেপিকে দিচ্ছেন না। কিন্তু এই সাফাইয়ের পরেও বিতর্ক থামছে না রাজনৈতিক মহলে।

BJP candidate Rajganj controversy: বিজেপি প্রার্থীর মাথায় তৃণমূলের দাপুটে নেতার হাত, নিছক সৌজন্য? ভোটের মুখে তুঙ্গে তরজা
রাজনৈতিক আঙিনায় চর্চা তুঙ্গে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 04, 2026 | 10:43 AM

রাজগঞ্জ: রাজগঞ্জ বিধানসভা আসনের বিজেপি প্রার্থী হারাধন সরকার। প্রচার পর্ব চলাকালীন ভরা বাজারে তাঁকে আশীর্বাদ করতে দেখা গেল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ললিত রায়কে। ভাইরাল ছবি-ভিডিয়ো। তা নিয়েই তরজা শুরু জেলার রাজনৈতিক আঙিনায়। 

ঘটনাটি রাজগঞ্জ বিধানসভার গেটবাজারের। ওখানেই বিজেপি প্রার্থী হারাধন সরকার বাজারে গিয়ে দোকানে দোকানে প্রচার চালাচ্ছিলেন। কথা বলছিলেন সাধারণ মানুষের সঙ্গে। প্রচারের মাঝেই দেখা হয়ে যায় রাজগঞ্জ ব্লকের মান্দাতারী অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি তথা ব্লকের তৃণমূল নেতা ললিত রায়ের সঙ্গে। দেখা মাত্রই এগিয়ে যান বিজেপি প্রার্থী হারাধন সরকার। তাঁকে আশীর্বাদও করেন ললিত। 

যদিও ললিত রায় স্পষ্টতই বলছেন, হারাধন সরকার তাঁর বহুদিনের পরিচিত বন্ধু। দোকানে দেখা হওয়ায় তিনি আশীর্বাদ করেছেন। তবে তিনি তৃণমূল করেন, ভোট বিজেপিকে দিচ্ছেন না। কিন্তু এই সাফাইয়ের পরেও বিতর্ক থামছে না রাজনৈতিক মহলে।

অন্যদিকে বিজেপি প্রার্থী হারাধন সরকার আত্মবিশ্বাসের সুরে বলেন, “যেখানেই তিনি প্রচারে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ তাঁকে আশীর্বাদ করছেন। তাঁর দাবি এবারের নির্বাচনে রাজগঞ্জে বিজেপির জয় একশো শতাংশ নিশ্চিত। তৃণমূলের সন্ত্রাস থেকে বাঁচতেই মানুষ এবার বিজেপিকেই বেছে নেবে।”  

অপরদিকে তৃণমূলের জেলা মুখপাত্র শুভঙ্কর মিশ্র বলেন, এটা রাজনৈতিক সৌজন্য। যা তৃণমূল নেতা কর্মীদের মধ্যে থাকলেও বিজেপি কর্মীদের মধ্যে নেই। তাই তারা সারাক্ষণ গোষ্ঠী কোন্দল, নিজেদের মধ্যে দলাদলি করে যাচ্ছে। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আশীর্বাদ নিয়ে ময়দানে নেমেছেন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। তৃণমূলকে মানুষ সমর্থন করে আসছে। তাই রাজগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।

Follow Us