Jhargram: খাদ্য-দফতরের ৭ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
তদন্তকারী সূত্রে খবর, পুরুলিয়া জেলার খাদ্য সরবরাহ দফতরে কর্মরত মোট ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সেই মামলায় অন্য ৬ জন অভিযুক্ত আগেই তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হলেও ঝাড়গ্রামের নৃপেনপল্লীর বাসিন্দা ঠাকুরদাস বাস্কে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ঝাড়গ্রাম: দুর্নীতির তদন্তে নেমেছিল ফের ঝাড়গ্রামে অভিযান চালাল দুর্নীতি দমন শাখা (অ্যান্টি করাপশন ব্যুরো)। শনিবার সকাল থেকে ঝাড়গ্রামের একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। তারপর অবশেষে পুরুলিয়া জেলা খাদ্য সরবরাহ দফতরের এক পলাতক কর্মীর বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারী সূত্রে খবর, পুরুলিয়া জেলার খাদ্য সরবরাহ দফতরে কর্মরত মোট ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সেই মামলায় অন্য ৬ জন অভিযুক্ত আগেই তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হলেও ঝাড়গ্রামের নৃপেনপল্লীর বাসিন্দা ঠাকুরদাস বাস্কে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
শনিবার সকালে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ঝাড়গ্রাম শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেন। এরপর তাঁরা নৃপেনপল্লীতে ঠাকুরদাস বাস্কের বাড়িতে পৌঁছান এবং সেখানে তল্লাশি চালান। এই অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্নীতির এই মামলায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এখানে উল্লেখ্য, খাদ্য দফতরের মোট সাত জন আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সেই তদন্তের সূত্রেই অভিযুক্তদের দুর্নীতি দমন শাখার দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। তাঁদের মধ্যেই ছিলেন এই অভিযুক্ত ঠাকুরদাস বাস্কে। বর্তমানে তিনি বাঁকুড়া জেলায় খাদ্য ও সরবরাহ দফতরের ইন্সপেক্টর পদে কর্মরত। জানা গিয়েছে, সাতজনের মধ্যে ৬ জন আধিকারিক দুর্নীতি দমন শাখার দপ্তরে হাজির হলেও ঠাকুরদাস বাস্কে যাননি।
