AIMIM: ভোট এগোতেই মালদহে রাতের অন্ধকারে আরও সক্রিয় হচ্ছে মিম

AIMIM: 'রাজ্যে কর্মসংস্থান নেই, শুধু ভাতা আছে, যা দিয়ে সংসার চলে না। ভিনরাজ্যে কাজে যেতে হয়।' রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ৫০০ পরিযায়ী শ্রমিকের পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল মিমে। প্রত্যেকেই এতদিন তৃণমূলের সক্রিয় কর্মী সমর্থক ছিলেন বলে জানা গিয়েছে।

AIMIM: ভোট এগোতেই মালদহে রাতের অন্ধকারে আরও সক্রিয় হচ্ছে মিম
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 17, 2026 | 6:09 PM

মালদহ: ফের রাতে অন্ধকারে মালদহের গ্রামে গ্রামে সক্রিয় হচ্ছে মিম। ছোট ছোট যোগদান সভায় বড় বড় ভাঙন ধরাচ্ছে তৃণমূলের ঘরে। গত কয়েক মাস ধরেই হায়দরাবাদের দল এআইএমআইএম তাদের সংগঠন পোক্ত করতে শুরু করেছে বাংলার গ্রামে গ্রামে। বিশেষত মালদহ ও মুর্শিদাবাদে তাদের উপস্থিতি বেশ স্পষ্ট। এবার ভোট এগোতেই সেই সংগঠন বহরে বাড়ছে আরও।

‘রাজ্যে কর্মসংস্থান নেই, শুধু ভাতা আছে, যা দিয়ে সংসার চলে না। ভিনরাজ্যে কাজে যেতে হয়।’ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ৫০০ পরিযায়ী শ্রমিকের পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল মিমে। প্রত্যেকেই এতদিন তৃণমূলের সক্রিয় কর্মী সমর্থক ছিলেন। বিশেষ করে পরিবারের মহিলা সদস্যরা মহিলা তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।

‘রাজ্যে কাজ নেই। ভাতা নিয়ে কী হবে?’ এমন অভিযোগ তুলে পরিযায়ী শ্রমিকদের ৫০০ পরিবারের মহিলা ও পুরুষ সদস্যরা মিম পার্টিতে যোগদান করেছেন সোমবার। রতুয়া ১ নম্বর ব্লকের মিমের সভাপতি শেখ জাহাঙ্গিরের নেতৃত্বে সোমবার রাতে রতুয়া বিধানসভার অন্তর্গত পুখুরিয়া এলাকায় এই যোগদান সভা হয়ে গেল। এই যোগদান সভা থেকে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মিমের নেতাকর্মীরা।