
মুর্শিদাবাদ: ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার! খাবার ফেলে দিলেন মহকুমা শাসকের সামনে। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে ও কান্দি রাজ কলেজে চলছিল ভোটের ট্রেনিং। রবিবার সেই ট্রেনিং চলাকালীন পচা খাবার দেওয়া হয় ট্রেনিং সেন্টারের মধ্যে। আর তখনই সব খাবার ফেলে দেওয়া হল ট্রেনিং সেন্টারের মধ্যে। অস্বাস্থ্যকর খাবার দেওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ভোট কর্মীরা। মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস তাঁর সামনে খাবার ফেলে দিলেন ভোট কর্মীরা।
জানা গিয়েছে, কান্দি মহকুমার ভোট কর্মীদের এদিন কান্দি রাজ কলেজ ও রাজ উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের ব্যাবস্থা করে মহকুমা প্রশাসন। এই ঘটনা আগেও হয় বলে অভিযোগ। কয়েকদিন আগে ভোটের ট্রেনিং চলাকালীন দুপুর ২ টোর মধ্যে খাবার প্রশিক্ষণ শিবিরে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিকাল গড়িয়ে গেলেও খাবার এসে পৌঁছয়নি। সেদিনও বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীরা। ৯০ শতাংশ প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মী খাবার পাননি বলেও অভিযোগ উঠেছে।
এই অব্যবস্থা চলতে থাকলে প্রশিক্ষণ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এরপরেই ফের রবিবার আবার খাবার দেওয়া হয়। অভিযোগ, সেই খাবার ছিল সম্পূর্ণ পচা। খাবারের মেনু ছিল ফ্রাইড রাইস ও চিলি চিকেন। অভিযোগ, সেই প্যাকেট খুলতেই আলানি গন্ধ নাকে আসে। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন ভোটকর্মীরা। তাঁদের অভিযোগ, সম্পূর্ণ মহকুমা প্রশসাসনের গাফিলতি। ভোট কর্মীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই পচা খাবার দেওয়া হচ্ছে ভোট কর্মীদের।
সরকারি কর্মী এক ভোট কর্মী বলেন, “সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা ট্রেনিং দেওয়া হলেও অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। আমরা খাবার ত্যাগ করেই চলে আসতে বাধ্য হয়েছি। ইচ্ছাকৃতভাবে দায়িত্বে থাকা আধিকারিকরা এই ঘটনা চালিয়ে যাচ্ছেন।” যদিও এবিষয়ে দায়িত্বে থাকা মহকুমা প্রশসাসন পক্ষ থেকে মুখে কুলুপ এঁটেছেন। যদিও কান্দি মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, খাবার পরিবর্তন করে দিয়ে নতুন করে খাবার দেওয়া হবে।