
মুর্শিদাবাদ : ভোটের আগে ফের বাংলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। মুর্শিদাবাদ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশি অভিযানে পিস্তল-সহ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। হরিহরপাড়ার সদানন্দপুর এলাকার ঘটনা। নির্বাচনের আগে পুলিশি তৎপরতা বেড়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। পুলিশের সক্রিয়তার পরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে। এবার মুর্শিদাবাদে অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার সদানন্দপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনায় ওই আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম জিল্লার শেখ। শুক্রবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাকে বহরমপুরে জেলা আদালতে তোলা হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।
অন্যদিকে ভাটপাড়াতেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে তল্লাশি শুরু করে পুলিশ। দু’টি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। অন্যদিকে, সম্প্রতি নদিয়াতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাহেরপুর থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।