
বহরমপুর: প্রচারের জন্য রাজ্যে এসেছেন ইউসুফ পাঠান। এবছর বহরমপুর থেকে তৃণমূল প্রার্থী তিনি। সামনেই নির্বাচন। তাই অনেক কাজ। বাড়ি-বাড়ি গিয়ে প্রচার করতে হবে, রোড-শো, প্রার্থী পরিচিতি অনেক কিছুই। যদিও, পাঠান বলেছেন, তাঁর শেখা অনেক কিছু বাকি আছে। তবে এরই মধ্যে আরও একটা বিষয় কিন্তু মন কেড়েছে প্রাক্তন এই নাইট ক্রিকেটারে। বলা বাহুল্য, তিনি বাংলায় এসে প্রেমে পড়ে গিয়েছেন। কীসের জানেন?
শনিবার মুর্শিদাবাদের বহরমপুরের শিল্প তালুকের একটি হোটেলে উঠেছেন। সেখানেই থাকছেন তিনি। এখন আবার রমজান মাস। রোজা রাখছেন। আর ইফতারে খেলেন জেলার বিখ্যাত ছানাবড়া। শুধু তাই নয়, রেসিপিতে ছিলও ভেটকি মাছ। এছাড়াও গোলাপ জামুনের মত মিষ্টি আরও কত কী। আর এই মিষ্টি আর মাছ মন কেড়েছে ইউসুফের। জানিয়েছেন খুব ভাল লেগেছে তাঁর।
এ দিকে,আজ আবার আইপিএল শুরু। এই ব্যস্ততার মধ্যেও কি খেলা দেখবেন? সে প্রসঙ্গে ইউসুফ বলেন, “যত নতুন খেলোয়ার আছে তাদের শুভেচ্ছা বার্তা। প্রত্যেকটি টিমকে শুভেচ্ছা বার্তা।” এরপর বহরমপুর শহরের ২৮ নম্বর ওয়ার্ডে রাজা মিয়ার মোড়ে মসজিদে নামাজের জন্য যায়। নামাজ শেষে পুনরায় আবার তাঁর অস্থায়ী ঠিকানা সেই হোটেলে এসে ফেরেন।