Nadia: এবারও সরকারি হাসপাতাল, লিফটের ভিতর ভয়ঙ্কর ঘটনা

Nadia News: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার এক অসুস্থ শিশুকে নিয়ে দোতলার শিশু বিভাগে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়েছিলেন গৌতম। সেই সময় সেখানে উপস্থিত এক মদ্যপ রোগীর আত্মীয় দাবি করেন, আগে তাঁকে তৃতীয় তলায় পৌঁছে দিতে হবে।

Nadia: এবারও সরকারি হাসপাতাল, লিফটের ভিতর ভয়ঙ্কর ঘটনা
নদিয়ায় ভয়ঙ্কর ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 21, 2026 | 9:12 PM

নদিয়া: আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে দীর্ঘক্ষণ আটকে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির। সেই ঘটনায় তোলপাড়ের মধ্যেই ফের আরও এক সরকারি হাসপাতালে লিফটকাণ্ড। লিফটে আগে ওঠা নিয়ে বচসা। মদ্যপ রোগীর আত্মীয়ের মারধরে মাথা ফাটল হাসপাতাল কর্মীর।

জানা যাচ্ছে, তেহট্ট মহকুমা হাসপাতালে লিফটে আগে ওঠাকে কেন্দ্র করে বচসার জেরে মারধরের ঘটনায় আহত হলেন এক হাসপাতাল কর্মী। তাঁর কপালে দুটো সেলাই পড়েছে। আহত কর্মীর নাম গৌতম বালা, তিনি হাসপাতালের গ্রুপ-ডি কর্মী।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার এক অসুস্থ শিশুকে নিয়ে দোতলার শিশু বিভাগে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়েছিলেন গৌতম। সেই সময় সেখানে উপস্থিত এক মদ্যপ রোগীর আত্মীয় দাবি করেন, আগে তাঁকে তৃতীয় তলায় পৌঁছে দিতে হবে। এই নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে ঝামেলা। অভিযোগ, ওই দাবি না মানায় আচমকাই গৌতম বালার উপর চড়াও হন অভিযুক্ত ব্যক্তি। তাঁকে বেধড়ক মারধর করেন এবং ধাক্কা মেরে ফেলে দিলে দেওয়ালে সজোরে আঘাত লাগে। মারধরের জেরে গৌতমের কপাল ফেটে যায়।

ঘটনার পরেই অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কর্মীকে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া হয় হাসপাতালে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Follow Us