
চাকদহ: সাত সকালে চাকদহে হাজির কেন্দ্রীয় বাহিনী। চাকদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ইনকাম ট্যাক্স অফিসে হানা দিয়েছে আয়কর দফতর। আধিকারিকদের সঙ্গেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে এই বাহিনীর উপস্থিতি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় নদিয়ার চাকদহে।
নদিয়ার চাকদহ থানার ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে চার জন আয়কর দফতরের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালান। সাত সকালে হঠাৎ ঘুম ভাঙতেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখে আতঙ্ক ও কৌতূহল ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা ঘটনায় বিস্মিত হয়ে পড়েন।
সূত্রের খবর, বেলা বাড়তেই টোটন দত্তকে সঙ্গে নিয়ে আয়কর দফতরের আধিকারিকরা টোটন দত্তের বাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক কারখানাতেও তল্লাশি চালান। আরও জানা গিয়েছে, টোটন দত্ত প্লাইউডের কারখানা থেকে শুরু করে একাধিক বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বড় ব্যবসার সঙ্গে যুক্ত। তবে ঠিক কী কারণে এই অভিযান, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ঘটনাকে ঘিরে এলাকায় জল্পনা শুরু হয়েছে।