Bike Accident: জামাইষষ্ঠী সেরে আর বাড়ি ফেরা হল না জামাইয়ের, নদিয়ায় শ্বশুরবাড়ি গিয়ে মর্মান্তিক পরিণতি বর্ধমানের যুবকের
Bike Accident on Jamai Sasthi: এরমধ্যে মৃত রাহুল ঘোষের বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায় বলে জানা যাচ্ছে। তাঁর শ্বশুরবাড়ি ইদ্রাকপুরে। জমাইষষ্ঠীতে সেখানেই এসেছিলেন। কিন্তু শুভ দিনেই যে এত বড় ঘটনা ঘটে যাবে তা তা কেউই ভাবতে পারেননি। শোকের ছায়া পরিবারে।

নবদ্বীপ: জামাইষষ্ঠী সেরে আর বাড়ি ফেরা হল না জামাইয়ের। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। জামাইষষ্ঠীর দিন বিকেল ৫টা নাগাদ এই ভয়াবহ ঘটনা ঘটেছে নবদ্বীপ থানার ইদ্রাকপুর গ্রামের মাঠের রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শুধু যে দুই যুবকের মৃত্যুই হয়েছে তা নয়, গুরুতরভাবে আহত হয়েছেন আরও দুই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল দু’টি উদ্ধার করে। শুরু হয়েছে তদন্ত। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। স্থানীয় বাসিন্দা চৈতন্য ঘোষ বলছেন, দু’টো বাইক দুই থেকে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে দুটি বাইকই প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বাইকের বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে পড়ে। রাস্তায় গড়াগড়ি খায় চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল ঘোষ ও পীযূষ ঘোষ নামে দুই যুবকের।
এরমধ্যে মৃত রাহুল ঘোষের বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায় বলে জানা যাচ্ছে। তাঁর শ্বশুরবাড়ি ইদ্রাকপুরে। জমাইষষ্ঠীতে সেখানেই এসেছিলেন। কিন্তু শুভ দিনেই যে এত বড় ঘটনা ঘটে যাবে তা তা কেউই ভাবতে পারেননি। শোকের ছায়া পরিবারে। মৃত্যু হয়েছে ইদ্রাকপুর গ্রামেরই বাসিন্দা পীযূষ ঘোষ। এলাকারই একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছিল।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গোপাল ঘোষ ও সুজিত ঘোষ নামে আরও দুই যুবক। তাঁদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই হয় প্রাথমিক চিকিৎসা। কিন্তু পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
